- - -

উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে নৌকা ডুবি, যমুনায় ডুবে মৃত্যু অন্তত ১০ জনের

Print News

উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে নৌকা ডুবি, যমুনায় ডুবে মৃত্যু অন্তত ১০ জনের

 

যমুনায় নৌকা ডুবি। মৃত্যু অন্তত ১০ জনের। সকলেই পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। শুক্রবার (১০ এপ্রিল ) ভারতের উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে প্রকাশ, এদিন দুপুর ৩ টায় বৃন্দাবনের কেটি ঘাটের কাছে নৌকা ডুবি হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। লুধিয়ানা থেকে ৩০ জনের একটি দল বৃন্দাবনে এসেছিল। যমুনা নদীতে ভ্রমণের জন্য তারা ২টি নৌকা ভাড়া করে। পুলিশের প্রাথমিক অনুমান, যমুনার উপর পল্টুন সেতুর সঙ্গে ধাক্কা লাগায় একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উল্টে যায়। আগরা রেঞ্জের ডিআইজি শৈলেশ পান্ডে জানিয়েছেন, ” যথাযথ তদন্তের পরেই নৌকা ডুবির প্রকৃত কারণ জানা সম্ভব হবে। ” দুর্ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু। ১৫ জনের মতো পর্যটককে বাঁচানো সম্ভব হলেও ১০ জনের জলে ডুবে মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েকজন। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি, ভারতীয় সেনাও উদ্ধার কাজে সহায়তা করে। নিখোঁজদের অনুসন্ধান চলছে বলে জানান শৈলেশ। উদ্ধার কাজে তদারক করছেন মথুরার জেলাশাসক চন্দ্র প্রকাশ সিংহ। তিনি জানান, উদ্ধার করা পর্যটকদের দ্রুত বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। ডুবুরি নামিয়ে যমুনায় অনুসন্ধান চালাচ্ছে প্রশাসন। এঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন যোগী। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন আদিত্যনাথ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa