- - -

উখিয়া সীমান্তে বিজিবির চোখে ধরা পড়ল ইয়াবার চালান, আটক ১

img 20261031 wa0074
Print News

উখিয়া সীমান্তে বিজিবির চোখে ধরা পড়ল ইয়াবার চালান, আটক ১

 

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির বিশেষ টহল দলের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. হাসমাতুল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ফারিরবিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

৬৪ বিজিবির তথ্য অনুযায়ী, গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন বিজিবি সদস্যরা। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।

পরে তাঁর বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়। এসব কার্টনে মোট ৫০ হাজার পিস ইয়াবা ছিল বলে জানায় বিজিবি।

আটক হাসমাতুল্লাহ উখিয়ার ১২ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা। বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa