
আপনাদের চেয়ে আমাদের আনন্দ বেশি : মাশরাফী
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে নিজ সংসদীয় আসনের মণ্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল ২২ অক্টোবর দুপুরে লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শনকালে দিঘলিয়া পালপাড়া মন্দিরে বক্তব্য দেন সাবেক টাইগার অধিনায়ক।
মাশরাফী বলেন, ‘আপনাদের পূজা মণ্ডপের ছাদ হয়েছে, সংস্কার হচ্ছে। আপনাদের উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায়। আপনাদের আরও উন্নয়ন হবে প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় আনলে। আপনারা বংশ পরম্পরায় আওয়ামী লীগ সমর্থন করছেন। আশা করি, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে ধারাবাহিক উন্নয়নের সুফল আপনারা ভোগ করবেন৷’
মাশরাফী আরও বলেন, ‘আপনাদের কাছে চাওয়া পাওয়ার কিছু নেই। আপনাদের হাসিখুশি মুখ দেখলেই আমাদের ভালো লাগে। আপনারা আনন্দিত তার মানে, আপনাদের মুখ দেখে বোঝা যায় আমরা কাজ করছি। আপনাদের মন্দিরের ছাদ হয়েছে। এটা দিয়েছেন প্রধানমন্ত্রী, বাহক হয়ে শুধু আপনাদের কাছে পৌঁছে দিয়েছি।
তিনি আরও বলেন, ‘প্যানডেমিক করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব পড়া সত্বেও, যতটুকু সময় পেয়েছি লোহাগড়া উপজেলাতে ১০০ কোটি টাকার কাজ করেছি। আপনাদের গ্রামীণ রাস্তাগুলো এখনো সব পাকা করতে পারিনি। ২৫০ কোটি টাকা এসেছে যেটি দিয়ে আপনাদের অনেক রাস্তাই পাকা করা সম্ভব। আপনাদের নড়াইল জেলা ছিলো অবহেলিত অনুন্নত, এখন দেখেন! মধুমতি সেতু, আইটি পার্ক, ইকোনোমিক জোন, বিসিক, চার লেন সড়ক, রেল লাইনসহ অনেক বড় বড় প্রকল্প পেয়েছেন। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করে ক্ষমতায় আনলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলের চিত্র পাল্টে দেবেন। কারণ, নড়াইলের এমপি কিন্তু প্রধানমন্ত্রী নিজেই, আমরা তার কর্মী।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বলেন, ‘এই তো নাড়ু, মনে মনে খুঁজচ্ছিলাম। না দিলে রাগ করতা! ছোট ভাই বোনেরা আমরা ঈদের আনন্দ করি একদিন আর তোমরা করো পাঁচ দিন। পূজায় তোমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা তোমাদের মণ্ডপগুলো ঘুরছি, তোমাদের চেয়ে আমাদের আনন্দ বেশি।’
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে লোহাগড়া উপজেলার দিঘলিয়া, ইতনা, লোহাগড়া ইউনিয়ন, লোহাগড়া পৌরসভাসহ নড়াইল সদরের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতা কর্মীরা।
![]()









