
৪র্থ জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতার অডিশন শুরু
‘সেরা প্রতিভার সন্ধানে’ স্লোগানকে সামনে রেখে পর্দা উঠল ‘গাউছুল আজম মাইজভাণ্ডারী ৪র্থ জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ২০২৬–২৭’-এর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম মহানগর অডিশনের মধ্য দিয়ে দেশব্যাপী পবিত্র কুরআনের মেধাবী প্রতিভা অন্বেষণের এই বিশাল আয়োজনের সূচনা হয়েছে। শুরুর দিনেই নিজেদের মেধার স্বাক্ষর রেখে পরবর্তী রাউন্ডের জন্য ‘ইয়েস কার্ড’ পেয়েছেন ৩০ জন হাফেজ ও ক্বারী।
গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের আয়োজনে চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশীর জাকির হোসেন সোসাইটির মাইজভাণ্ডারী খানকা শরীফে এই অডিশন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন মাদরাসা ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অডিশন ভেন্যুতে জড়ো হতে থাকেন।
অডিশন পর্বটি ৫ পারা, ১০ পারা ও হুসনে সাউত—এই তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগীদের সুমধুর তিলাওয়াত ও নির্ভুল হিফজ যাচাই-বাছাই শেষে মোট ৩০ জন প্রতিযোগী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে নির্বাচিত এসব প্রতিযোগীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও কাঙ্ক্ষিত ইয়েস কার্ড তুলে দেওয়া হয়।
উদ্বোধনী এই অডিশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ জোগান খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান।
অডিশনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশবরেণ্য হাফেজ ও ক্বারীগণ। তারা হলেন: পিএইচপি কোরআনের আলো চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক হাফেজ ক্বারী বুরহান উদ্দীন, গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশনের বিচারক হাফেজ ক্বারী বরকতুল্লাহ হোসাইনী এবং হাফেজ ক্বারী উবাইদুল্লাহ সাইফ।
অনুষ্ঠানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সহ-সভাপতি শফিউর রহমান সাইফু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী, খুলশী থানা কার্যকরী সংসদের সভাপতি মির্জা মো. এমরান, মোহাম্মদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআনের হিফজ ও তিলাওয়াত কেন্দ্রিক এই মহতী আয়োজনকে ঘিরে প্রতিযোগী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মাঝেই এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে। ফাউন্ডেশনের সম্মানিত কো-অর্ডিনেটর আব্দুল করিমের সঞ্চালনায় অডিশনের সার্বিক কার্যক্রম পরিচালিত হয় এবং সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
![]()









