
সেন্টমার্টিনের গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, ইউরিয়া সার-পেঁয়াজ-রসুনসহ আটক ১০
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার, রসুন ও পেঁয়াজসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশনের একটি দল ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন। তল্লাশি চালিয়ে বোট থেকে ২৪০ বস্তায় ১২ হাজার কেজি ইউরিয়া সার, ১৯০ বস্তায় ৩ হাজার ৮০০ কেজি রসুন এবং ৯০ বস্তায় ৪ হাজার ৫০০ কেজি পেঁয়াজ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা।
এ সময় বোটে থাকা একজন রোহিঙ্গাসহ মোট ১০ জনকে আটক করা হয়। জব্দকৃত পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
![]()









