
মধ্যপ্রদেশে গাড়ি নালায় পড়ে ৮ পুণ্যার্থী নিহত
ভারতের মধ্যপ্রদেশে গাড়ি নালায় পড়ে ৮ জন পুণ্যার্থী নিহত হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) গভীর রাতে আগার মালওয়া জেলার নালখেদায় প্রবল স্রোতের নালায় পুণ্যার্থীদের একটি গাড়ি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন ২ মহিলা, ৩ পুরুষ ও ৩ শিশু। জানা গেছে, পুণ্যার্থীরা উজ্জয়িনী থেকে নালখেদার মা বগলামুখী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) ২টা ১৫ মিনিটে ফেরার পথে খরস্রোতা নালা পার হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। প্রবল জলের স্রোতে গাড়িটি তলিয়ে যায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) সারা রাত এলাকায় ভারী বৃষ্টি হওয়ায় নালায় জলের স্রোত অত্যন্ত তীব্র ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, তাড়াহুড়ো করে নালা পার হতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। আগার মালওয়া জেলার পুলিশ সুপার দিলীপ কুমার সোনি জানান, মৃত পুণ্যার্থীদের মধ্যে ৭ জন ওড়িশার বাসিন্দা। গাড়ির চালক মধ্যপ্রদেশের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও উদ্ধারকারী দল। পরে উদ্ধারকারী দল ও প্রশাসন গাড়িটি নালা থেকে উদ্ধারের কাজ শুরু করে। গাড়ির ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের নাম ও পরিচয় জানার ও চেষ্টা চলছে।
![]()









