
চা শ্রমিকদের হামলার শিকার নির্বাচনের প্রিসাইডিং অফিসার
হবিগঞ্জের মাধবপুরে সুরমা চা বাগানে চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দিনভর উত্তেজনার পর হামলার শিকার হয়েছেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ক্ষুব্ধ শ্রমিকদের হামলায় তিনি আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে সুরমা চা বাগানে নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে পরাজিত পক্ষের কিছু উত্তেজিত শ্রমিক লাঠিসোঁটা নিয়ে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ তাকে রক্ষার চেষ্টা করে। একপর্যায়ে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার সময় বাগানের অন্য একটি স্থানে আবারও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যরাও হামলার মুখে পড়েন বলে জানা গেছে।
দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান, স্থানীয় বিএনপি নেতা আলফাজ মহালদার ও রফিক মিয়াসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপে তাদের উদ্ধার করা সম্ভব হয়।
যোগাযোগ করা হলে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম বলেন, “আমি স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে ভোটগ্রহণের চেষ্টা করেছি। কিছু সাংবাদিক বিশৃঙ্খলা করায় তাদের অনুমতি দেওয়া হয়নি। এখন আমি মোটামুটি সুস্থ রয়েছি। আশা করি, যারা এ ধরনের বিশৃঙ্খলা ও হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ছবি: রাতে ক্ষুব্ধ চা শ্রমিকদের হামলার দৃশ্য। আহত ইনসেটে প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম।
![]()








