- - -

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

img 20261120 wa0122
Print News

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

‘আমরা রোহিঙ্গা, নিজ দেশে ফিরতে চাই’—প্রত্যাবাসনের দাবিতে স্লোগান

 

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে নিজেদের পরিচয় তুলে ধরে স্বদেশে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রত্যাবাসন, নিরাপত্তা ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে তাদের প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় সমবেত রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাওয়ার দাবিতে স্লোগান দেন। তাঁদের মধ্যে একজন বলেন, “আমরা বাঙালি নই, আমরা রোহিঙ্গা। আমরা আমাদের দেশে এবং ঘরে ফিরে যেতে চাই।”

রোহিঙ্গা প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে শরণার্থীশিবিরে বসবাসের অনিশ্চয়তা থেকে মুক্তি পেয়ে নিজেদের ভিটেমাটিতে ফেরার আকাঙ্ক্ষা তুলে ধরেন। তাঁদের প্রত্যাশা, মিয়ানমারে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রতিষ্ঠার মাধ্যমে স্বদেশে ফেরার পথ তৈরি হবে।

অনুষ্ঠানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান, তাঁর সহকারী কর্মকর্তারা, বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-ইনচার্জ (সিআইসি), দেশি-বিদেশি বেসরকারি সংস্থা (এনজিও ও আইএনজিও)–এর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা নেতারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসনের পক্ষে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে তাঁদের বসবাস।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণার বিষয়টি আলোচনায় আসে। রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক উদ্যোগের গুরুত্বও নতুন করে সামনে এসেছে।

সংশ্লিষ্টদের মতে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে নিরাপদ ও অনুকূল পরিবেশ সৃষ্টি, রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa