- - -

রাজশাহীতে সোনার তরী’ জাহাজে যৌথ অভিযান অবৈধ কর্মকাণ্ড ও নথি জটিলতায় জাহাজ চলাচল বন্ধের নির্দেশ

img 20261111 wa0262
Print News

রাজশাহীতে সোনার তরী’ জাহাজে যৌথ অভিযান অবৈধ কর্মকাণ্ড ও নথি জটিলতায় জাহাজ চলাচল বন্ধের নির্দেশ

রাজশাহীর পদ্মা নদীতে নোঙর করে রাখা পর্যটনবাহী জাহাজ ‘সোনার তরী’তে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীদের অবৈধ মেলামেলার সুযোগ তৈরি করে দেওয়ার অভিযোগের পর জাহাজটিতে অভিযান চালিয়েছে প্রশাসন।
​আজ বুধবার (১১ নভেম্বর) নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-র যৌথ অভিযানে বিষয়টির সত্যতা এবং ব্যাপক প্রশাসনিক অনিয়ম উন্মোচিত হয়।
​অভিযানকালে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নির্দেশ দেয় যে, বিআইডব্লিউটিএ-র অনুমোদিত বৈধ নথিপত্র ছাড়া জাহাজ চালানো যাবে না। পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড রোধে বৈধ কাগজপত্র (যেমন: নিকাহনামা বা প্রামাণ্য পরিচয়) ছাড়া কোনো যুগলকে স্বামী-স্ত্রী পরিচয়ে জাহাজের শয়নকক্ষ (কেবিন) ব্যবহার করতে না দেওয়ার জন্য জাহাজ কর্তৃপক্ষকে কড়া নির্দেশ ও সতর্কতা প্রদান করা হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাহাজটিতে সাধারণ পর্যটনের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। বাণিজ্যিক উদ্দেশ্যে জাহাজটিতে বিভিন্ন প্যাকেজ অফার করা হতো—বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘পাবলিক প্যাকেজ’ ৮০০ টাকা ও ‘ফ্যামিলি প্যাকেজ’ ১৮০০ টাকা; এবং সারাদিন (সকাল ৯টা থেকে রাত ৮টা) ‘পাবলিক প্যাকেজ’ ১৮০০ টাকা ও ‘ফ্যামিলি প্যাকেজ’ ৩০০০ টাকা ভাড়া নেওয়া হতো। অভিযোগ রয়েছে, এসব প্যাকেজের আড়ালে চুক্তিভিত্তিক অর্থের বিনিময়ে তরুণ-তরুণীদের অবস্থান ও মেলামেলার সুযোগ তৈরি করে দিত জাহাজ পরিচালনাকারীরা।
​এসব অভিযোগের ভিত্তিতে নৌ পুলিশ এবং বিআইডব্লিউটিএ যৌথভাবে জাহাজটিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সংশ্লিষ্টদের কাছে চলাচলের বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন। প্রাথমিক তদন্তে দেখা যায়, জাহাজটির চালকের (ড্রাইভার) কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রের মেয়াদ ইতিমধ্যেই উত্তীর্ণ (ডেট ফেল) হয়ে গেছে।
​অভিযানের বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ মন্ডল বলেন, “পর্যটনের নামে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা নিয়মবহির্ভূত ব্যবসা চালাতে দেওয়া হবে না। বৈধ নথিপত্র দেখাতে না পারায় আপাতত জাহাজটির চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করা ও সার্বিক তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
​বিআইডব্লিউটিএ-র সুলতানগঞ্জ বন্দর কর্মকর্তা দীনেশ শাহ জানান, চালকের লাইসেন্স না থাকা এবং জাহাজের সকল কাগজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আপাতত জাহাজ চলাচল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন সংক্রান্ত সকল হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র বিআইডব্লিউটিএ-তে জমা দেওয়ার পর অনুমতি মিললেই কেবল পুনরায় জাহাজ চালু করা সম্ভব হবে।
​এসব বিষয়ে সোনার তরী জাহাজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa