
কুড়িগ্রামের উমরমজিদে (RRMEP) প্রকল্পে লটারি নির্বাচিত ১০ নারী শ্রমিক
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬ নং উমরমজিদ ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএম ই পি) আওতায় স্বচ্ছ ও নিরপেক্ষ লটারির মাধ্যমে ১০ জন নারী শ্রমিক নির্বাচন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লটারিতে নির্বাচিত ১০ নারী শ্রমিকের হলেন :-মোছা. আনজু বেগম, আনজুআরা বেগম, ফজিলা খাতুন, কল্পনা বেগম, ছামছুন্নাহার বেগম, ববিতা বেগম, শাহাজাদি বেগম ও দুলালী বেগম।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকৌশলী মো. এজাহারুল হক, উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসানুল কবির (আদিল)। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসানুল কবির (আদিল) জানান, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের নির্ধারিত শর্ত অনুযায়ী নির্বাচিত নারীরা প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাজে যোগদান করবেন।
রাজারহাট উপজেলা প্রকৌশলী মো. এজাহারুল হক জানান, রাজারহাট উপজেলার সকল ইউনিয়নে লটারি পদ্ধতিতে নারী কর্মী নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয়েছে। উমরমজিদ ইউনিয়নের মধ্য দিয়ে উপজেলার এই প্রকল্পের নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হলো।
লটারির মাধ্যমে নারী শ্রমিক নির্বাচনের এ উদ্যোগে স্থানীয় নারীদের মধ্যে কর্মসংস্থানের নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাঁদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
![]()









