
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার, গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা, ১০ বোতল অবৈধ স্কাফ সিরাপসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বিকেল থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া ঈদগাহসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাসলিমা আক্তার কুলসুম (৪২) ও রোকসানা (৩২) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণপাড়া ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল স্কাফ সিরাপসহ মোর্শেদ আলম (৩৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, ব্রাহ্মণপাড়া থানার একটি ডাকাতি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃএলাকার ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ফারুক প্রকাশ জজ (৩৫) ও হুমায়ুন কবির (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত ১৬ অক্টোবর দায়ের করা ওই মামলাটি থানার ১৭ নম্বর মামলা, যার জিআর নম্বর ২৬৯/২৬।
অন্যদিকে, বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় এজাহারনামীয় পলাতক আসামি মনির হোসেন (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে মাদকসহ তিনজন, ডাকাতি মামলার দুই আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলার একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মালামালসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
![]()









