
নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে সরোয়ারের মতবিনিময়
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চন্দ্রঘোনা সচেতন নাগরিক ঐক্য’ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেনের সমর্থনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চন্দ্রঘোনার গ্রীনচিলি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেন, শিক্ষক মো. আব্দুর গফুর ও শিক্ষক মো. মহিউদ্দিন বাদশা।
এ সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, অনিরুদ্ধ অপু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও মো. নেজাম উদ্দীন।
বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরোয়ার হোসেনের সম্পৃক্ততা রয়েছে। তাঁর প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ড স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষক মো. মহিউদ্দিন বাদশা জানান, আইন বিষয়ে স্নাতক (অনার্স) ডিগ্রিধারী সরোয়ার হোসেন দারুল আরকাম মডেল একাডেমি ও গ্রীন মডেল স্কুল চন্দ্রঘোনার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতাল লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর, স্টাইলমিথ ওয়্যার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম ইলোমিনেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন তাঁর কর্মপরিকল্পনার অন্যতম অগ্রাধিকার। এসব লক্ষ্য বাস্তবায়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি।
সভায় চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
![]()








