
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে মো. মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম।
মামলার বিবরণ অনুযায়ী, স্ত্রী রেহানার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে যৌতুক নেন মিজানুর। পরে আরও যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৫ জুলাই রেহানাকে গলা টিপে হত্যা করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে মিজানুরকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১৯ সালের ডিসেম্বরে পুলিশ মিজানুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে তাঁকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত।
রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
![]()









