
বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব, তিন পদক জিতে দেশে ফিরলেন তাইহান সোয়াদ
সিঙ্গাপুরে আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের তরুণ অ্যাথলেট খন্দকার তাইহান তাবাসসির সোয়াদ। গতকাল সন্ধ্যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ও তাঁর পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন (FIF) আয়োজিত ‘FIF World Imperial Cup 2026’ প্রতিযোগিতাটি গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের Our Tampines Hub-এর Festival Arts Theatre-এ অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে সোয়াদ প্রো বডিবিল্ডিংয়ের ৯০ কেজি বিভাগে স্বর্ণপদক এবং নভিস বডিবিল্ডিং ও নভিস ক্লাসিক ফিজিক বিভাগে দুটি ব্রোঞ্জপদক অর্জন করেন।
তাঁর এই সাফল্যে দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনটি পদক অর্জনের মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তিনি।
সামাজিক সংগঠন HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে বিমানবন্দরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উল্লেখ্য, তাইহান সোয়াদ সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার, সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনাহেনা সুইটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সিনিয়র ফটোসাংবাদিক জামাল তালুকদারসহ আরও অনেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে এমন আন্তরিক সংবর্ধনা পেয়ে তাইহান সোয়াদের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তর্জাতিক অঙ্গনে তাইহান সোয়াদের এই অর্জন বাংলাদেশের ফিটনেস ও বডিবিল্ডিং খেলাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
![]()









