
নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে স্প্রে মেশিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুলের ব্যক্তিগত অর্থায়নে সামাজিক সংগঠন আন নাসিহা ফাউন্ডেশনের মাধ্যমে এসব উপকরণ প্রদান করা হয়। বুধবার (২১ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় পুরাতন সিএন্ডবির সংলগ্ন নবাবগঞ্জ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আন নাসিহা ফাউন্ডেশনের আয়োজিত এ কর্মসূচির আওতায় পৌরসভার ১৫টি ওয়ার্ডের জন্য একটি করে স্প্রে মেশিন দেওয়া হয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, মশার বংশবিস্তার রোধ এবং মশাবাহিত রোগ প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আরও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন নাসিহা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন আন নাসিহা ফাউন্ডেশনের সহ-সভাপতি ও পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়তুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম সোহেলসহ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকেরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত মশক নিধন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এ জন্য সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।” তিনি ডেঙ্গু মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রকোপ কমাতে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত জরুরি। বিতরণ করা স্প্রে মেশিন ও পরিচ্ছন্নতা উপকরণ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে সহায়তা করবে। আন নাসিহা ফাউন্ডেশনের এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
![]()









