
দেশের সকল বিক্রয় পেশাজীবীকে ঐক্যবদ্ধ হতে হবে :
মোঃ আরিফুর রহমান
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ আরিফুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রযাত্রায় বিক্রয় পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি প্রান্তে উৎপাদক, আমদানিকারক, পরিবেশক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন তৈরি করে বিক্রয় পেশাজীবীরা প্রতিদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার, পণ্য বিপণন এবং বাজার ব্যবস্থাপনায় তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ একটি পেশার সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক মানুষ আজও কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন-কাঠামো এবং সুনির্দিষ্ট চাকরির নীতিমালার মতো মৌলিক বিষয়গুলোতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক বিক্রয় পেশাজীবী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও নানা ধরনের বৈষম্যের মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন।
এই বাস্তবতায় বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA) দেশের সকল বিক্রয় পেশাজীবীর অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।
মোঃ আরিফুর রহমান আরও বলেন, BSPA-এর লক্ষ্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। বরং দেশের সকল বিক্রয় পেশাজীবীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং একটি সুন্দর, নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করছি।
তিনি বলেন, আমরা চাই—
বিক্রয় পেশাজীবীদের জন্য সুনির্দিষ্ট ও যুগোপযোগী চাকরির নীতিমালা প্রণয়ন,
ন্যায্য ও সম্মানজনক বেতন-কাঠামো নিশ্চিত করা
চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা,
কর্মক্ষেত্রে হয়রানি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ,
কর্মরত অবস্থায় দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে যথাযথ চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা,
গ্র্যাচুইটি, বোনাস, ইনস্যুরেন্সসহ ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা,
বিক্রয় পেশাজীবীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা,
দেশের সকল বিক্রয় পেশাজীবীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলা।
তিনি আরও বলেন, কর্মরত অবস্থায় কোনো বিক্রয় পেশাজীবী দুর্ঘটনা বা অসুস্থতার শিকার হলে যথাযথ চিকিৎসা ও সহযোগিতা না পাওয়া অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। একইভাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরও অনেক বিক্রয় পেশাজীবী তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এসব সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং শক্তিশালী পেশাজীবী ঐক্য।
মোঃ আরিফুর রহমান বলেন, “একজন বিক্রয় পেশাজীবীর কণ্ঠস্বর হয়তো সীমিত হতে পারে, কিন্তু দেশের লাখো বিক্রয় পেশাজীবী যদি একই দাবিতে, একই লক্ষ্যে এবং একই পতাকাতলে ঐক্যবদ্ধ হন, তাহলে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের পথ আরও শক্তিশালী হবে।”
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরিয়া ম্যানেজার, টেরিটরি ম্যানেজার, সেলস ম্যানেজারসহ সকল স্তরের বিক্রয় পেশাজীবী আমাদের এই বৃহৎ পরিবারের অংশ।
তিনি দেশের সকল বিক্রয় পেশাজীবী ভাই-বোনদের বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান।
তিনি আরও বলেন, ব্যক্তিস্বার্থ নয়—পেশাজীবীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কথা বলতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের মাধ্যমে একটি শক্তিশালী পেশাজীবী সংগঠন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধ হলে আমাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে। আমাদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি বাস্তবায়নে দেশের সকল বিক্রয় পেশাজীবীকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
![]()









