
টেকনাফে র্যাব-১৫-এর অভিযানে ২৪ হাজার ইয়াবাসহ আবদুল হোসেন গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫-এর বিশেষ অভিযানে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি অটোরিকশাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি বিশেষ কৌশলে শরীরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে বহন করা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ জানায়, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সিপিসি-১ (টেকনাফ)-এর একটি আভিযানিক দল শাপলা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক মাদক কারবারি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাবে।
সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৫৫ মিনিটে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় ইসমাইল স্টোরের সামনে মেরিন ড্রাইভ সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। সকাল ৮টা ১০ মিনিটে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হলে চালকের শরীরের পেট ও দুই পায়ে স্কচটেপ দিয়ে বিশেষভাবে বাঁধা ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ১২০টি বায়ুরোধক নীল জিপার পলিব্যাগে মোট ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতার হওয়া ব্যক্তি মো. আব্দুল হোসেন (৫৩)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের গুদারবিল এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হোসেন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন।
অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত সিএনজি অটোরিকশা এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও কারবার দমনে তাদের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
![]()









