
রাণীনগরে গরু চুরি মামলায় গ্রেফতার ৩, চোরচক্রের অন্য সদস্যদের খুঁজছে পুলিশ
নওগাঁর রাণীনগর উপজেলার আলোচিত গরু চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য গ্রেফতারের পর চক্রটির অন্য সদস্যদের শনাক্তে অভিযান জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া গরু উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।
রাণীনগর থানা পুলিশ জানায়, গত ১০ জুলাই উপজেলার গোনাগ্রাম থেকে তিনটি গরু চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই রাতে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, অভিযানের সময় আসামিরা পুলিশের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করে পালিয়ে যেতে চাইলেও ধাওয়া করে তাদের আটক করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি চুরি হওয়া গরু উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
পুলিশের দাবি, আন্তঃজেলা এই চোরচক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গবাদিপশু চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
![]()









