- - -

লেদা ক্যাম্প থেকে দুর্ধর্ষ ডাকাত দেলোয়ার গ্রেপ্তার, ৭ মামলার আসামি থানায় হস্তান্তর

Print News

লেদা ক্যাম্প থেকে দুর্ধর্ষ ডাকাত দেলোয়ার গ্রেপ্তার, ৭ মামলার আসামি থানায় হস্তান্তর

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত মো. দেলোয়ার হোছাইন (২৩)কে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ক্যাম্পের এ/১৪ ব্লকের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি দেলোয়ারের অবস্থানের তথ্য পেয়ে লেদা এপিবিএন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. মফিজুর রহমানের নির্দেশে এসআই (নিরস্ত্র) সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেলোয়ার কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।

পুলিশ জানায়, গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যা চেষ্টা, সরকারি কাজে বাধা, অপহরণ, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ৭টি নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৩টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, দেলোয়ার দীর্ঘদিন ধরে লেদা ক্যাম্প ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রোহিঙ্গাদের ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি এবং জোরপূর্বক ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ আদালতে এখনো প্রমাণিত হয়নি।

গ্রেপ্তার দেলোয়ার হোছাইনের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa