
সিএসই বিভাগে ফার্স্ট ক্লাস অর্জন, মেধার দীপ্তিতে উজ্জ্বল দৃষ্টান্ত মিরপুর বন্ধুসভার ভাইস প্রেসিডেন্ট যুবাইর বীন আহমদ
মেধা, অধ্যবসায় ও পারিবারিক অনুপ্রেরণায় একাডেমিক সাফল্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিইউবিটির শিক্ষার্থী ও মিরপুর বন্ধুসভার ভাইস প্রেসিডেন্ট যুবাইর বীন আহমদ। তাঁর এই অর্জন শুধু একটি ভালো ফলাফল নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও স্বপ্নপূরণের এক প্রতিচ্ছবি।
রাজধানী ঢাকা’র বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী যুবাইর বীন আহমদ। বিএসসি ইন সিএসই ডিগ্রিতে তিনি ৪-এর মধ্যে ৩.৯২ সিজিপিএ অর্জন করে ফার্স্ট ক্লাস পেয়েছেন।
নিজের সাফল্যের পেছনে মায়ের অবদানের কথা স্মরণ করে কৃতি শিক্ষার্থী যুবাইর বীন আহমদ বলেন, “মায়ের যত্নশীল তত্ত্বাবধানে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার গভীর আগ্রহ গড়ে উঠেছিল। আমার বইয়ের অনেক অংশই আমার চেয়ে আমার মায়ের বেশি মুখস্থ থাকত, কারণ আমাকে পড়াতে পড়াতেই সেগুলো তাঁরও মুখস্থ হয়ে যেত। ছোটবেলায় যখন লিখতাম, তখন প্রায়ই মনে হতো—আমি নয়, যেন আমার মায়ের হাত দিয়েই লেখাগুলো ফুটে উঠছে। আমার প্রতিটি অক্ষর, প্রতিটি সাফল্যের পেছনে ছিল তাঁর অক্লান্ত ভালোবাসা, ত্যাগ আর নিরন্তর পরিশ্রম।”
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের সন্তান যুবাইর বীন আহমদের জন্ম ২০০২ সালের ১০ ফেব্রুয়ারি। তাঁর বাবা মো. রাজু আহমদ এবং মা মোসলেম খাতুন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী যুবাইর নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে গেছেন। নিয়মিত অধ্যবসায় এবং নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা তাঁকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই উচ্চশিক্ষায় বেছে নেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বিশ্ববিদ্যালয় জীবনে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেননি; বরং নতুন কিছু শেখা, গবেষণা এবং নেতৃত্বের দক্ষতা অর্জনে নিজেকে যুক্ত রেখেছেন। ছাত্রজীবনে সহ-শিক্ষা কার্যক্রমেও সক্রিয় ছিলেন যুবাইর। তিনি বিভিন্ন প্রজেক্ট টিমের নেতৃত্ব দিয়েছেন এবং গবেষণাপত্র নিয়েও কাজ করেছেন। প্রযুক্তি, গবেষণা ও নেতৃত্ব—এই তিন ক্ষেত্রেই নিজের দক্ষতা বিকাশে গুরুত্ব দিয়েছেন যুবাইর।
একাডেমিক সাফল্যের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন যুবাইর। তিনি নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতারও পরিচয় দিয়েছেন। তিনি বেসিস স্টুডেন্টস ফোরাম অব বিইউবিটি চ্যাপ্টার ক্লাবের সভাপতি হিসেবে ২০২৪-২০২৫ সেশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রথম আলো বন্ধুসভা, মিরপুর, ঢাকার ২০২৫ কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমানে ২০২৬ কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুবাইর মনে করেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব, গবেষণা ও সামাজিক সম্পৃক্ততা একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে নিজের দক্ষতাকে আরও বিস্তৃত করতে চান যুবাইর বীন আহমদ। তাঁর বিশ্বাস, সাফল্যের জন্য শুধু ভালো ফলাফল নয়, প্রয়োজন শেখার আগ্রহ, পরিশ্রম এবং মানুষের সঙ্গে কাজ করার সক্ষমতা।
তাঁর এই সাফল্য ভবিষ্যতে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে আরও বড় অর্জনের পথ তৈরি করবে—এমন প্রত্যাশা তাঁর পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের। মেধা, পরিশ্রম ও ইতিবাচক মানসিকতার সমন্বয়ে যুবাইর বীন আহমদ তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
![]()









