- - -

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবাসহ আটক ১

Print News

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবাসহ আটক ১

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শ্যুটার গান), ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে ক্যাম্প-২৪ লেদার বি ব্লকে এ অভিযান পরিচালিত হয়।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৪ লেদা এপিবিএন ক্যাম্পের এসআই (নিঃ) সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে রাত্রীকালীন টহল দল বশির আহামদের শেডে বিশেষ অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম কোচ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে শেডে তল্লাশি চালিয়ে ব্যবহৃত বিছানার বালিশের নিচে রাখা একটি চটের ব্যাগ থেকে সাদাকালো কাপড়ে মোড়ানো একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শ্যুটার গান) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি বশির আহামদ (৩২)। তিনি ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa