
আসামে জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
ভারতের আসামরাজ্যে জমি বিবাদ নিয়ে ভাইয়ের হাতে ভাই খুনের চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তগর্ত অমরাগুড়ি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার ভয়াবহ ঘটনা সংগঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই ) সন্ধ্যায় এই নৃশংস হত্যাকান্ডটি ঘটে। এই ঘটনায় সমগ্র লাহরিঘাট এলাকা জুড়ে আতংকের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে প্রকাশ, ইমান হোসেন তাঁর নিজের বড় ভাই জাকির হোসেনকে রাস্তায় রড দিয়ে আক্রমণ করে। পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এদিন সন্ধ্যায় সেই বিবাদ চরম আকার ধারণ করলে ইমান হোসেন তাঁর বড়ভাই জাকির হোসেনকে রড দিয়ে এলোপাথাড়ি আক্রমণ করে। আক্রমণের পর স্থানীয়রা গুরুতর আহত জাকির হোসেনকে উদ্ধার করে দ্রুত লাহরিঘাট হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য নগাঁও হাসপাতালে স্থানান্তরিত করলে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এদিকে, ঘটনার খবর পেয়ে লাহরিঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত অব্যাহত রয়েছে।
![]()









