- - -

অবশেষে কারাগারে আলোচিত শিক্ষক জিয়াউর রহমান নারী শিক্ষিকা হেনস্তার অভিযোগে জামিন নামঞ্জুর, তদন্ত কমিটি গঠন

Print News

অবশেষে কারাগারে আলোচিত শিক্ষক জিয়াউর রহমান
নারী শিক্ষিকা হেনস্তার অভিযোগে জামিন নামঞ্জুর, তদন্ত কমিটি গঠন

 

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের নারী শিক্ষিকাকে কুপ্রস্তাব, হেনস্তা, ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আলোচিত সহকারী শিক্ষক (গণিত) জিয়াউর রহমান (জিয়া)-কে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) তিনি আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে দুই দফা কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২১ জুন ভুক্তভোগী নারী শিক্ষিকা মান্দা থানায় জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে আত্মগোপনে বা পলাতক বলে জানালেও, এরই মধ্যে গত ৩ জুলাই নিজ এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ক্ষতি করার উদ্দেশ্যে তাকে ষড়যন্ত্রের শিকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
অভিযোগে বলা হয়, দীর্ঘ প্রায় এক বছর ধরে বিভিন্ন অজুহাতে ওই নারী শিক্ষিকাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন জিয়াউর রহমান। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, সামাজিক ও পেশাগতভাবে ক্ষতির হুমকি এবং ব্ল্যাকমেইল করা হয়।
ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ অনুযায়ী, গত ১০ জুন বিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলার বারান্দায় নবম শ্রেণির ক্লাসে যাওয়ার সময় শিক্ষার্থীদের সামনেই তার পথরোধ করে হেনস্তা করেন অভিযুক্ত শিক্ষক। পরে প্রধান শিক্ষক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর এক সপ্তাহ পর বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে তাকে জুতাপেটা করার চেষ্টার অভিযোগও রয়েছে। উপস্থিত শিক্ষকরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন।
মামলার পর মোবাইল ফোন ও অনলাইনের মাধ্যমে তাকে এবং তার পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি ও ব্ল্যাকমেইল করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার প্রতিবাদে পরানপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা দ্রুত তদন্ত শেষ করে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে বিধি অনুযায়ী দুই দফা শোকজ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন, প্রথমে বিষয়টি প্রতিষ্ঠান থেকে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত শিক্ষক আচরণ পরিবর্তন না করায় ভুক্তভোগী শিক্ষিকা আইনের আশ্রয় নেন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa