- - -

দুর্গাপুরে তিন ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন: ৩ এস্কেভেটর অকেজো, থানায় মামলা

Print News

দুর্গাপুরে তিন ফসলি জমির টপসয়েল কেটে পুকুর খনন: ৩ এস্কেভেটর অকেজো, থানায় মামলা

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ১ নম্বর নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামে অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির টপসয়েল কেটে পুকুর খননের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই ২০২৬) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে পৌঁছালে অবৈধ খননের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি এস্কেভেটর (ভেকু) যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে এস্কেভেটরগুলোর ৬টি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়, যাতে পুনরায় অবৈধ খনন কার্যক্রম চালানো সম্ভব না হয়।

উপজেলা প্রশাসন জানায়, এর আগেও গত ২৪ জুন ২০২৬ তারিখে একই স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেকু নিষ্ক্রিয় করা হয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশনা অমান্য করে দুর্বৃত্তরা পুনরায় অবৈধভাবে তিন ফসলি জমি কেটে পুকুর খননের কার্যক্রম শুরু করে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “তিন ফসলি কৃষিজমি রক্ষা করা সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন কোনোভাবেই বরদাশত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে প্রশাসনের এ অভিযান আরও জোরদার করা হবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধভাবে কৃষিজমি ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসনও জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa