
মণিপুরে মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে পুলিশের মৃত্যু, গ্রেফতার ১
ভারতের মণিপুর রাজ্যের থৌবল জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় এক পুলিশ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার (৩ জুন) রাত ৮টায় থৌবল জেলার মইজিং মীনা বাজার থোংখং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে যায় পুলিশের একটি কমান্ডো দল। অভিযানের সময় এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে। নিহত পুলিশ কর্মীর নাম খোইরোম সুরেশ। তিনি থৌবল কমান্ডো ইউনিটে হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা করার সময় অজ্ঞাত একব্যক্তি ছুরি দিয়ে সুরেশকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত থৌবল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে, হামলার ঘটনায় জড়িত একব্যক্তিকে বৃহস্পতিবার (৪ জুন)) সকালে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
![]()









