- - -

বাউফলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, সুপারভাইজার নিহত আহত ১০

Print News

বাউফলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, সুপারভাইজার নিহত আহত ১০

​

​পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে বাসের সুপারভাইজার আল মাহমুদ (১৮) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
​সোমবার (৪ মে) রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মাহমুদ বাউফল উপজেলার বগা ইউনিয়নের সন্যাসিকান্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি ‘বাউফল ট্রাভেলস’ নামের ওই বাসে কর্মরত ছিলেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দশমিনা থেকে ছেড়ে আসা বাসটি অতিরিক্ত গতিতে বাউফল অতিক্রম করছিল। আফসার গ্যারেজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি ছিটকে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সুপারভাইজার আল মাহমুদ। বাসে থাকা ২৫-৩০ জন যাত্রীর মধ্যে অন্তত ১০ জন আহত হন।
​দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও কয়েকজন যাত্রী অভিযোগ করেন, দুর্ঘটনার সময় চালকের হাতে মোবাইল ফোন ছিল। ফোনে কথা বলা অবস্থায় বেপরোয়া গতিতে বাসটি চালানোর কারণেই এই বিপর্যয় ঘটে।
​বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
​ওসি আরও জানান, নিহত আল মাহমুদের মরদেহ বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa