- - -

পটিয়ায় তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষ : নিহত ১, আহত ১৫

Print News

পটিয়ায় তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষ : নিহত ১, আহত ১৫

 

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার জলুয়ার দিঘী পাড় এলাকায় মার্সা ও ঈগল পরিবহনের বাসের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে বাঁশি মোহন দাশ (৫০) নামে এক যাত্রী নিহত হন ।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মার্সা পরিবহনের একটি বাস জলুয়ার দিঘী পাড় এলাকায় পৌঁছালে রাস্তার পাশে স্তূপ করে রাখা খড় থেকে নির্গত ঘন ধোঁয়ার কবলে পড়ে। ধোঁয়ার কারণে সামনের পথ দেখতে না পেয়ে চালক হঠাৎ হার্ড ব্রেক করেন।

IMG 20260318 WA0018 300x178

এ সময় বিপরীত দিক থেকে আসা লোহাগাড়ামুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ঈগল পরিবহনের আরও একটি বাস দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে ধাক্কা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এতে তিনটি বাসের চালক ও যাত্রীসহ মোট ১৬ জন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া রওশন আহতদের মধ্যে ১ জন ঈগল পরিবহনের যাত্রী বাঁশি মোহন দাশকে মৃত ঘোষণা করেন । আহতদের মধ্যে জয়নাল, আনোয়ার, তাহেরসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। নিহত বাঁশি মোহন দাসের উচ্চ মাধ্যমিক পড়ুয়া মেয়ে বৈশাখী দাস বলেন, আমার চোখের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবা কিন্তু এর থেকেও ভয়ংকর ঘটনা হচ্ছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত সেই মানুষটার পকেট থেকেই ৫০০০০ টাকা চুরি করে নিয়ে যায় কিছু অমানুষ। উল্লেখ্য, নিহত বাশিঁ মোহন দাস চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা গ্রামের মনিন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান জানান দুর্ঘটনাকবলিত বাসগুলো জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa