- - -

আপসহীন নেতা নুরুল আলম চৌধুরী

Print News

আপসহীন নেতা নুরুল আলম চৌধুরী

নাসিরুদ্দিন চৌধুরী

ফটিকছড়ি বেশ বড়ো থানা। তন্মধ্যে বেশ খানিকটা পার্বত্য এলাকা, চা বাগানের জন্য আদর্শ প্রকৃতি, যে কারণে চট্টগ্রামের সব চা বাগান ফটিকছড়িতেই গড়ে উঠেছে। পাকিস্তান আমলের সর্বশেষ নির্বাচনেও ফটিকছড়ি ছিলো প্রাদেশিক পরিষদভুক্ত একটি আসন। জাতীয় পরিষদে মিরসরাইকে নিয়ে ফটিকছড়ি ছিলো একটি সংসদীয় আসন (এমএনএ)। স্বাধীনতার পর বঙ্গবন্ধুই ৩০০ আসনের পার্লামেন্ট করে সব প্রাদেশিক পরিষদের সঙ্গে ফটিকছড়িকেও একটি স্বতন্ত্র, সম্পূর্ণ সংসদীয় আসনের মর্যাদা দেন। ১৯৭৩ সালে ৩০০ আসনের পার্লামেন্টের প্রথম নির্বাচনে ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল আলম চৌধুরী। সত্তরের মনোনয়নে জহুর আহমদ চৌধুরীর হাত থাকলে হয়তো সেবারও তিনিই ফটিকছড়ি থেকে মনোনয়ন পেতেন।
আবদুল বারী চৌধুরী, আদালত খান প্রমুখ প্রবাদ পুরুষ ফটিকছড়িতে জন্মগ্রহণ করে ইতিহাস সৃষ্টি করলেও রাজনীতির বিকাশের ফটিকছড়ি জন্য খুব উর্বর জনপদ ছিলো না। ব্রিটিশ বিরোধী ও পাকিস্তান বিরোধী স্বাধীনতা সংগ্রাম-এই দুই পর্যায়ে ফটিকছড়িতে যে রাজনীতির বিকাশ হয়েছে, তাতে যে ক’জন রাজনীতিকের দেখা পাওয়া যায়, তাঁরা হলেন কমরেড নগেন দে, কমরেড যশোদা চক্রবর্তী, বিশ্ব শান্তি আন্দোলনের নেতা চিত্ত বিশ্বাস, মির্জা আবু আহমদ, উকিল আফছার উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান, অ্যাডভোকেট এ কে এম এমদাদুল ইসলাম, অ্যাডভোকেট অধ্যাপক শফিউল আলম, বাদশা আলম, আফতাবউদ্দিন চৌধুরী, এসএম ফারুক, অ্যাডভোকেট রফিকুল আনোয়ার, এএমএম শহীদুল্লাহ, নুরুল আলম চৌধুরী, মির্জা আবু মনসুর, রফিকুল আনোয়ার, আনোয়ারুল আজিম প্রমুখ।
আদালত খান, আবু তালেব চৌধুরী, সুন্দরপুরের চেয়ারম্যান আবদুল মান্নান—এরাও রাজনীতি সংশ্লিষ্ট বিখ্যাত মানুষ। কিন্তু তাঁরা রাজনীতির চেয়েও সমাজ সেবায় অবদানের জন্য বেশি স্মরণীয়। ১৯৫৪ নির্বাচনে ফটিকছড়ি ও হাটহাজারী আসনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হয়েছিলেন নেজামে ইসলামের মাওলানা ওবায়দুল আকবর। কিন্তু তিনি ছিলেন হাটহাজারীর মন্দাকিনি গ্রামের বাসিন্দা।
ফটিকছড়ির রাজনৈতিক নেতৃত্বের এই ইতিবৃত্ত যদি ভুল না হয়ে থাকে, তাহলে বোধ হয় সেইফলি বলা যায়, নুরুল আলম চৌধুরীই ফটিকছড়ির বেস্ট পলিটিক্যাল লিডার প্রডিউস্ড এভার। তাঁর মতো বর্ণাঢ্য ও আকর্ষক রাজনৈতিক চরিত্রও আর দ্বিতীয়টি চট্টগ্রামে খুঁজে পাওয়া যাবে না। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, ১৯৭৩ ও ১৯৮৬ সালে দু’দফা জাতীয় সংসদের সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি রূপালী ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষতার সাথে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেটের সদস্য ছিলেন। সেবারের নির্বাচনে তাঁদের প্যানেলের পক্ষে আমি কাজ করেছিলাম। সেই সময় তাঁকে অভিজাত স্নিগ্ধ ব্যক্তিত্বের অধিকারী রুচিশীল ও সুরসিক মানুষ হিসেবে পেয়েছিলাম। মৃত্যুর পূর্বেও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ফোরামের চেয়ারম্যান ছিলেন।
নুরুল আলম চৌধুরী একজন স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন। ৬ দফা আন্দোলনে তিনি গৌরবময় ভূমিকা পালন করেন। উনসত্তরের গণঅভ্যুত্থান ও ১৯৭১ এর মার্চের অসহযোগ আন্দোলনে তিনি অন্যতম শীর্ষ ছাত্রনেতা ছিলেন। তিনি প্রতিরোধ যুদ্ধ থেকে নিবিড়ভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি নিজে সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করেন এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
নুরুল আলম চৌধুরী ১৯৪৫ সালের ২১ মে ফটিকছড়ি থানার চাড়ালিয়া হাট ইউনিয়নের গোপালঘাটা গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ মতিউর রহমান চৌধুরী, মাতার নাম ওয়াজুন্নেসা খাতুন। তাঁরা চার ভাই, সকলেই উচ্চ শিক্ষিত। ভ্রাতাদের মধ্যে প্রথম আহমদ কবির চৌধুরী ছিলেন প্রসিদ্ধ বীমাবিদ, দ্বিতীয় আহমদ দবীর চৌধুরী ছিলেন নামকরা ডাক্তার, তৃতীয় মাহবুবুল আলম চৌধুরী ছিলেন বিদেশি ওষুধ কোম্পানিতে কর্মরত, চতুর্থ নুরুল আলম চৌধুরী। দবির আহমদ চৌধুরীর পুত্র ডা. মহসিন চৌধুরী পলাশও দেশের একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে খ্যাতি লাভ করেছেন। তিনি পিজি হাসপাতালে কর্মরত। বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সাবেক সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিমের পুত্রের সঙ্গে তাঁর কন্যার বিয়ে হয়েছে।
নুরুল আলম চৌধুরী ষাটের দশকের একজন বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন। ষাটের দশকের প্রথম দিকে ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান খুব শক্তিশালী ছিলো না। ছাত্র ইউনিয়ন ছিলো তখন সবচেয়ে সংগঠিত ও শক্তিশালী ছাত্র সংগঠন। ভালো ছাত্ররাও ছাত্র ইউনিয়ন করতো, এমনকি ছাত্রশক্তিরও তখন বেশ প্রভাব ছিলো। এ অবস্থায় ফেরদৌস কোরেশী, শহীদ মুরিদুল আলম, এম এ মান্নান, আবু ছালেহ প্রমুখ ছাত্রনেতার উদ্যোগে ও নেতৃত্বে চট্টগ্রামে যারা ছাত্রলীগের রাজনীতিকে বিকশিত করে জোয়ার সৃষ্টি করতে সক্ষম হন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- আবদুর রউফ খালেদ, অধ্যক্ষ শায়েস্তা খান, বখতেয়ার কামাল, কফিল উদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম চৌধুরী, লোকমানুল মাহমুদ, গোলাম কিবরিয়া চৌধুরী, আহমুদ, নুরুল আলম চৌধুরী, আশরাফ খান, নুরুন্নবী চৌধুরী, ইদরিস আলম, মোখতার আহমদ, এস এম ইউসুফ, মৌলভী সৈয়দ, এবিএম মহিউদ্দিন চৌধুরী, গোলাম রব্বান, অধ্যাপক নাজিমউদ্দিন, সালাহউদ্দিন মাহমুদ, শহীদ সাইফুদ্দিন খালেদ, সুলতান উল কবির চৌধুরী, হাজি কামাল, মোহাম্মদ ইদ্রিস, শেখ মোহাম্মদ আয়ুব বাঙালি, আবদুল মোবারক, মোহাম্মদ ইব্রাহিম, শহীদ আবদুর রব, আবদুল্লাহ হারুন, এম এ হাশেম, অধ্যক্ষ ফজলুল হক, শেখ মোহাম্মদ ইব্রাহিম, কলিমউল্লাহ চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, খালেকুজ্জামান, শফর আলী প্রমুখের এই দলের মধ্যে এই নুরুল আলম চৌধুরী স্বমহিমায় উজ্জ্বল ছিলেন।
তিনি আপসহীন সংগ্রামী নেতা ছিলেন। ছাত্র জীবনেও আপস করেন নি, বৃহত্তর জাতীয় রাজনীতি যখন করছেন, তখনো আদর্শের প্রশ্নে অবিচল, অটল ছিলেন। পঁচাত্তরের দুর্যোগেও দলের প্রতি তাঁর আনুগত্যে এতটুকু চিড় ধরেনি। মিজান চৌধুরী আওয়ামী লীগ ভেঙে উপদল করলে তাঁর বন্ধুদের কেউ কেউ যখন তাঁর সঙ্গে ভিড়ে যান নুরুল আরম চৌধুরী তখনো বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে আঁকড়ে ধরে পড়ে ছিলেন। তাঁর সামনে আওয়ামী লীগের সমালোচনা করে কারো পার পাওয়ার জো ছিলো না। প্রতিপক্ষের মুখের ওপর দাঁতভাঙা জবাব দিতে তাঁর জুড়ি ছিলো না। এমনিই আদর্শবান, সৎ, সাহসী মানুষ ছিলেন নুরুল আলম চৌধুরী।
তিনি বন্ধুবৎসল, আড্ডাপ্রিয়, মজলিশি লোক ছিলেন। আড্ডায়, মজলিশে কখনো কখনো গাম্ভীর্যের মুখোশ পড়ে মুখে কুলুপ এঁটে থাকতেন। এটা নিছকই পরিহাস করার জন্যই করতেন, পরক্ষণেই হো হো করে হেসে গড়াগড়ি খেতেন।
নুরুল আলম চৌধুরী প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট বদরুল হক খানের একমাত্র কন্যা মনফুজা খাতুন রোজিকে বিয়ে করেন। তাঁদের ২ পুত্র, ১ কন্যা।
জনাব নুরুল আলম চৌধুরীর পুত্র-কন্যারাও পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে যোগ দিয়েছেন এবং ইতিমধ্যে ফটিকছড়ি থানা ও উত্তর জেলা আওয়ামী লীগের রাজনীতিতে তাঁদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন।
নুরুল আলম চৌধুরীর সন্তানদের মধ্যে কন্যা বড়, তাঁর নাম তানজিনা জামান চৌধুরী। তিনি ইউএসটিসি থেকে ইংরেজি সাহিত্যে অনার্স কোর্স সম্পন্ন করেছেন। চট্টগ্রামের একটি প্রধান ব্যবসায়ী-শিল্পপতি ও রাজনৈতিক পরিবারে তাঁর বিয়ে হয়েছে। দেশখ্যাত শিল্পপতি, রাজনীতিবিদ, সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সাবেক সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু তাঁর শ্বশুর। জনাব বাবুর কনিষ্ঠ পুত্র জামান গ্রুপ, আরামিট গ্রুপ ও ইউসিবিএল-এর সম্মানিত পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমি তানজিনার বর।
নুরুল আলম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র সাবেকুন রাহাত জিসান- বিবিএ, এমবিএ তাসমেনিয়া ইউনিভার্সিটি অব অস্ট্রেলিয়া থেকে এমবিএ পাস করেছেন। তিনি কানাডায় বসবাস করলেও তিনি সেখানে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের নানা কাজকর্মে সম্পৃক্ত রয়েছেন। তাঁর স্ত্রী ফাতেমা হাসান নাওমী, শ্বশুর চন্দনাইশের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাসান, বহুদিন যাবত সপরিবারে কানাডায় থাকেন।
মরহুম চৌধুরী দ্বিতীয় পুত্র কনিষ্ঠ পুত্র হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ পাস করেছেন। চট্টগ্রাম মহানগরের সুবৃহৎ অ্যাপার্টমেন্ট কাম মার্কেট কমপ্লেক্স ভিআইপি টাওয়ারের স্বত্তাধিকারী জনাব আবুল হোসেনের কন্যাকে সাকিব বিয়ে করেছেন। জনাব হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব ফটিকছড়ি আওয়ামী লীগ সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সদস্য।
নুরুল আলম চৌধুরী ২০১৯ সালের ২৭ জানুয়ারি প্রয়াত হন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa