- - -

ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে অভিযান: মূল্য বাড়ানোয় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

Print News

ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে অভিযান: মূল্য বাড়ানোয় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

 

ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মজুদের অনিয়মের অভিযোগে দুটি পাইকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজার এলাকায় চালের বাজারে যৌথভাবে অভিযান পরিচালনা করে জেলা খাদ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে দেখা যায়, আনন্দবাজারের দুটি পাইকারি চাল বিক্রেতা প্রতিষ্ঠান -মেসার্স শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স—বাজারে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে বিক্রি করছে এবং চালের মজুদের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। দোকানে কতদিন ধরে চাল মজুদ আছে, তার সুনির্দিষ্ট তথ্যও দিতে পারেনি প্রতিষ্ঠানদ্বয়।

এমন অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স শামীম ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মোশারফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা, সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা খাদ্য বিভাগের পরিদর্শক রামিম পাঠান এবং আনসার ব্যাটালিয়নের একটি টিম অংশ নেয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম বলেন, “ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে চাল বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চালের দাম বাড়ার অভিযোগে সরকারের পক্ষ থেকে তদারকি জোরদার করা হয়েছে। বিশেষ করে পাইকারি বাজারগুলোতে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অভিযান তারই অংশ বলেও তারা অভিমত ব্যক্ত করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa