নওগাঁয় কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আ’লীগ নেতার মৃত্যু
নওগাঁ জেলা কারাগারে বন্দী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাকির হোসেন (৫৮) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া জাকির হোসেন বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাকির হোসেনকে হাসপাতালে আনা হয়। সে সময় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় বলেন, জাকির হোসেন বিস্ফোরক মামলায় কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তিনি হাসপাতালে মারা গেছেন বলে শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য এখনো পাওয়া যায়নি।