মিঁয়াদের আসাম ছাড়ার নিদান দিয়ে তীব্র হুংকার ডঃ হিমন্ত বিশ্বশর্মা
ভারতের আসাম বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা। এবার তাঁর সরাসরি নিশানায় রাজ্যের " মিঁয়া" সম্প্রদায়। নির্বাচনী জনসভা থেকে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, যতদিন তিনি আসামের মসনদে থাকবেন, ততদিন মিঁয়াদের দুর্ভোগ কাটবে না। এমনকি তাঁদের আসাম ছেড়ে চলে যাওয়ার বার্তা ও দিয়েছেন তিনি। হিমন্ত বিশ্বশর্মার দাবি, এই মিঁয়ারা আসলে বাংলাদেশের বাসিন্দা। খুলনা অঞ্চল থেকে তাঁরা আসামে অনুপ্রবেশ করেছেন। তিনি বলেন, " আমি জানি মিঁয়ারা আমাদের ভোট দেবে না। ওদের উচিত বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া। " তাঁর সাফ কথা, সরকার যদি মিঁয়াদের জন্য সমস্যা তৈরি করে, তবেই তারা আসাম ছেড়ে চলে যেতে বাধ্য হবে। তিনি জানান, যতদিন তিনি মুখ্যমন্ত্রী আছেন, ততদিন মিঁয়াদের " কপালে দুঃখ" রয়েছে। ভোটের অংক কষেই যে হিমন্তের এই " মিঁয়া বিরোধী নীতি, তা রাজনৈতিক মহলের ধারণা। ভোটার তালিকা থেকে মিঁয়াদের নাম বাদ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, " মিঁয়ারা যাতে ভোট দিতে না পারে, তার জন্য আমরা প্রাথমিক ব্যবস্থা নিয়েছি। যখন আসামে এসআইআর হবে, তখন অন্তত ৪- ৫ লক্ষ মিঁয়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে।