চট্টগ্রামের রাউজানে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে সাদিয়া নাসরিন আঁখি (২৮) নামে এক গৃহবধু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মজিদা পাড়া গ্রামে ওমান প্রবাসী জিয়াউল হকের ঘরের শয়নকক্ষ থেকে আঁখির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লোকজন ও আঁখির শ্বশুর বাড়ির লোকজন জানান, গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে আনিকা নামে ৭বছর বয়সী মেয়েকে ঘুম পাড়িয়ে ঘরের বৈদ্যুতিক পাখার রডের সঙ্গে উড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ৭ বছর বসয়ী মেয়ে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার চাচা হামিদুল হকের স্ত্রীকে ডেকে দেখান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
জানা যায়, গত ২০১৩ সালে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত নুরুল আলমের মেয়ে সাদিয়া নাসরিন আঁখি (২৮) সাথে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া মজিদা পাড়া গ্রামের আমিনুল হকের ছেলে ওমান প্রবাসী জিয়াউল হকের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর জন্ম নেয় এক মেয়ে সন্তান।আখিঁর মা নাছিমা আকতার বলেন, আমার মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে যায়। গতকাল শনিবার রাতে মেয়ে ফোনে তার অসুস্থতার কথা জানিয়ে সেখানে যাওয়ার কথা বলেছিল। এরপর খবর পাই, আমার মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানাতে পারেন নি তিনি। তবে শ্বশুর বাড়ির লোকজন বা স্বামীর সঙ্গে কোনো ধরনের মতবিরোধ ছিল না।রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ওই গৃহবধুর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।