হুগলিতে সহপাঠীর ঘুসিতে প্রাণ গেল দশম শ্রেনীর ছাত্রের
স্কুলের মধ্যে দশম শ্রেনীর ২ পড়ুয়ার মাঝে মারামারি। সহপাঠীর ঘুসিতে প্রাণ গেল ছাত্রের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চাঁপদানিতে। ঘটনার জানাজানি হতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবক সহ স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে। জানা যায়, চাঁপদানির আর্য বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেনীর ছাত্র অভিনব জালান। সহপাঠীর সঙ্গে স্কুলেরই তিনতলার শৌচালয়ে মারামারি হয়। অভিযুক্ত সহপাঠী অভিনন্দন তার সহপাঠী অভিনবকে বুকে সজোরে ঘুসি মারে। মারের চোটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্র। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রকাশ, বুধবার (১৯ ফেব্রুয়ারি ) স্কুলে ক্লাস চলছিল। বেলা ১টায় দশম শ্রেনীর ওই ২ ছাত্রের মারামারি শুরু হয়। অভিনবকে মারলে সে লুটিয়ে পড়ে তাকে উদ্ধার করে তড়িঘড়ি স্কুলের শিক্ষকরা আঙ্গাস ইএসআই হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।