হিফস এগ্রো ফুড ৩ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (রাসায়নিক) ব্যবহার করার দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রি-এজেন্ট হলো যে সব রাসায়নিক পদার্থ ল্যাবরেটরিতে কোনো রাসায়নিক পদার্থ শনাক্তকরণে কঠিন বস্তু বা দ্রবণ হিসেবে ব্যবহৃত হয়।রি-এজেন্ট বা বিকারক এসিড, ক্ষার, জারক, বিজারক, ধাতব মৌল যে কোনো রাসায়নিক পদার্থ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বি এম মশিউর রহমান।
চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, লেভেলিং প্রবিধানমালা লংঘন, যথাযথ নিবন্ধন প্রক্রিয়া অনুসরণ না করাসহ বিভিন্ন অপারাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইয়াছিনুল হক চৌধুরীসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়ক স্টাফরা উপস্থিত ছিলেন।