হারিয়ে যাওয়া শিশু শ্রাবণকে পরিবারের কাছে হস্তান্তর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের এক মানবিক উদ্যোগে পরিবার ফিরে পেল তাদের হারিয়ে যাওয়া শিশুপুত্র মোঃ শ্রাবণ ইসলামকে (১১)।
গত বৃহস্পতিবার ঢাকার দয়াগঞ্জ এলাকা থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে এক শিশুকে কাঁদতে দেখে পাশে যান কালাপুকুর গ্রামের এক ব্যক্তি ও তার স্ত্রী। ছেলেটি তার নাম ছাড়া আর কোনো ঠিকানা বলতে পারছিল না। শিশুটিকে তারা নিরাপদে বীরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে নিয়ে আসেন এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি ও খোঁজ প্রচার করেন।
সেই প্রচারের মাধ্যমে অবশেষে শিশুটির পরিবারের সন্ধান মেলে। জানা যায়, ছেলেটির নাম মোঃ শ্রাবণ ইসলাম, পিতার নাম শহীদ মিয়া, মাতার নাম মোছাঃ রোজি বেগম। তারা গাইবান্ধা জেলার ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা হলেও জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন।
শিশুটির বাবা-মা জানান, গত বৃহস্পতিবার সকালে ঢাকার দয়াগঞ্জ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শ্রাবণ। তিন দিন ধরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার দেখে তারা সন্তানের সন্ধান পান।
শনিবার (১৯ জুলাই) রাতে কালাপুকুর গ্রামের বাহাদুরের স্ত্রী মমতাজ বেগমের সহযোগিতায় শিশুটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শ্রাবণকে ফিরে পেয়ে তার পরিবার আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং শিশুটিকে আশ্রয় ও সহায়তা দেওয়া পরিবারটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।