হলফনামায় মামলার তথ্য গোপন করায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে ইসিতে অভিযোগ মনজুরের
নির্বাচনী হলফনামায় ফৌজদারী মামলার তথ্য গোপন করায় চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো : মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও শিল্পপতি আলহাজ্ব মো. মনজুর আলম।
গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে মো : মহিউদ্দন বাচ্চুর গৃহীত মনোনয়নের বিরুদ্ধে আপিল করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী আবেদনে উল্লেখ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর মনোনয়নপত্রের বিরুদ্ধে আপত্তি তোলা হয়। বাছাইকালে রিটানিং কর্মকর্তা আপত্তি আমলে না নিয়ে প্রার্থীর দাখিলকৃত হলফনামা প্রদর্শন না করে মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
প্রার্থীর নির্বাচন আইন ও আচরণবিধি ভঙ্গ প্রমানিত বিধায় তার প্রার্থীতা বাতিল করার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর দ্বিতীয় অধ্যায় ১৭ ধারা অনুযায়ী আপীল গ্রহণ করতে তার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছি।
এ বিষয়ে অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী মো. মনজুর আলম বলেন, ফৌজদারী মামলা থাকলেও প্রার্থীর দাখিলকৃত হলফনামায় বিষয়টি গোপন করেছেন।
এছাড়া প্রার্থীর দাখিলকৃত হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমাকৃত অর্থের তথ্য গোপন করেছেন। বিষয়টি জানিয়ে রিটানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তিনি আমলে নেননি। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি, আশা করি সুষ্ঠু প্রতিকার পাবো।