- - -

হযরত সৈয়দ মইনুদ্দীন মাইজভাণ্ডারী (রাঃ) ছিলেন একজন প্রকৃত ও পরিপূর্ণ পথপ্রদর্শক

Print News

হযরত সৈয়দ মইনুদ্দীন মাইজভাণ্ডারী (রাঃ) ছিলেন একজন প্রকৃত ও পরিপূর্ণ পথপ্রদর্শক

– সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী

 

বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত একজন সুফি ব্যক্তিত্ব ছিলেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (রহঃ)। তার বিচরণ ছিলো বিশ্বব্যাপী। জাতিসংঘ, ইউনেস্কো, যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বে তিনি আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ইসলামের শান্তি ও মানবতার বার্তা প্রচার করেছেন। হাজার হাজার মানুষ তার হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন। বিশেষত ২০০০ সালের আগস্টে জাতিসংঘের আয়োজনে এবং তৎকালীন মহসচিব কফি আনানের আমন্ত্রণে The Millennium World Peace Summit for Religious & Spiritual Leaders এ তিনি বাংলাদেশের পতাকা বহন করেন। তিনি তার বক্তব্যে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রণীত মদীনা সনদ অনুসরণের আহবান জানান।

তিনি বলেন, “আজ জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে। অথচ বিশ্বশান্তি প্রতিষ্ঠার পরিপূর্ণ রূপরেখা আমাদের নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ১৪০০ বছর আগেই আমাদের জন্য রেখে গেছেন এ মদীনা সনদ প্রণয়নের মাধ্যমে। তিনি সকল ধর্ম-গোষ্ঠী-বর্ণ ও মতাদর্শের মানুষের মাঝে একটি শান্তিপূর্ণ সহাবস্থান এবং সমতা প্রতিষ্ঠা করেছেন। সকলের ন্যায্য অধিকার, সুরক্ষা নিশ্চিত করেছেন। জাতিসংঘ যদি সফল হতে চায়, তবে প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই শান্তির দর্শনের আলোকে বিশ্বব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে।”

তার আরেকটি অনন্য কীর্তি হলো, তিনিই প্রথম কোন ব্যক্তি, যিনি জাতিসংঘে প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম প্রেরণ করেন।তার সুমধুর কণ্ঠে উচ্চারিত “ইয়া নাবী সালাম আলাইকা” এর সুর আকাশ বাতাসকে আন্দোলিত করে তোলে। তার এ হৃদয়স্পর্শী সালাতু সালাম উপস্থিত বিভিন্ন ধর্মের শীর্ষ ব্যক্তিবর্গ, উচ্চ পর্যায়ের বিভিন্ন কূটনীতিক, কর্মকর্তাদের বিমোহিত করে। তারাও সকলে দাঁড়িয়ে প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করেন। এ এক বিরল দৃষ্টান্ত। এমন মহৎ কিছু শুধু তিনিই করতে পারেন, যিনি শতাব্দীর একজন শ্রেষ্ঠ অলি আল্লাহ্।

তার আধ্যাত্নিক পর্যায়ে সুউচ্চ আসন সম্পর্কে আমরা ধারণা পেতে গেলে, আরেকটি অত্যাশ্চর্য ঘটনা বর্ণনা করা প্রয়োজন। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে International Association of Sufism এর একটি কনফারেন্সে, তিনি যখন মিলাদ শরীফ পাঠ করলেন, তখন তার নিকট ছুটে আসেন নকশাবন্দী তরিকার শীর্ষস্থানীয় সুফি শেইখ হযরত সৈয়দ হিশাম কাব্বানি নকশবন্দী এবং হযরত শেইখ নিজাম নকশবন্দী ।

তারা বললেন,”আমরা দেখেছি, আপনার মিলাদ মাহ্ফিলে স্বয়ং রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছেন। আপনি যে প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন বংশধর এবং যুগশ্রেষ্ঠ অলি আল্লাহ্ সে সম্পর্কে আমাদের কোন দ্বিধা নেই।”

তিনি প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৩০তম বংশধর এবং গাউসুল আযম হযরত সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (রহঃ) এর নাতি। তাই তার অনিন্দ্য সুন্দর চেহারার মাঝে সর্বদা নূরের জ্যোতি জ্বলজ্বল করতো। তার মাঝে একটি সম্মোহনী বা ক্যারিশমাটিক ব্যক্তিত্ব বিরাজমান ছিলো। তার কথাবার্তা, হাসি, চলাফেরা, বিনয়ী আচরণ সকলকে চৌম্বকীয় আকর্ষণ শক্তির মতো টেনে আনতো।

অনেক বিদেশি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও নাস্তিকরা তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন।

এভাবে ২০০০ সালে উজবেকিস্তানে UNESCO আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনেও তিনি ইসলাম ধর্মের উদার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। তাসখন্দ বিশ্ববিদ্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। উজবেকিস্থান সরকারের একটি বিশেষ ফ্লাইটে তিনি সমরখন্দ ও বুখরার ঐতিহাসিক নিদর্শন, প্রখ্যাত সাহাবী (রাঃ), ইমাম বুখারী (রাঃ) এর মাযার শরীফ জিয়ারত করেন।

২০০৫ সালে ঘানা সরকার এবং যুক্তরাষ্ট্রের Universal Islamic Center যৌথভাবে একটি আন্তর্জাতিক সুফি সম্মেলনে,
হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর (রাঃ) বিশ্বজুড়ে ইসলাম, সুফিবাদ ও মানবতার জন্য যে বিস্তৃত অবদান, সেই ভূমিকাকে স্বীকৃতি জানাতে – Grand Ambassador of Global Peace বা বিশ্বশান্তির দূত- উপাধিতে ভূষিত করেন।

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (রাঃ) যুক্তরাষ্ট্রের International Association of Sufism এর আজীবন Advisor ছিলেন। সমগ্র বিশ্বের সুফিদের সাথে তার গভীর আত্নিক সংযোগ ও সুসম্পর্ক ছিলো।

বাংলাদেশে প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বংশধরগণের এর মহান মর্যাদা, ভালোবাসাকে সমুন্নত রাখতে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।

তার সবচেয়ে বড় অবদানগুলোর একটি হলো পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদযাপনকে রাষ্ট্রীয় মর্যাদার স্বীকৃতি অর্জন। এজন্য তিনি বহুমুখী পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমত ১৯৮৮ সাল থেকে তিনি রাজধানীর প্রধান সড়ক, অলিগলিতে নিজ পায়ে নবীর আশেকদের নিয়ে হেটে হেটে দিবসটির প্রচার শুরু করেন।

দ্বিতীয়ত রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিবর্গ, বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে তার যে সুসম্পর্ক ছিলো, সে সম্পর্কের কারণে তিনি তাদের নিকটে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব তাৎপর্য তুলে ধরতে সমর্থ হন।

তৃতীয়ত, বাংলাদেশের সুন্নী পীর মাশায়েখ, ওলামায়ে কেরামদেরকে তিনি এক প্লাটফর্মে আনতে সক্ষম হন। এটি অত্যন্ত দুরূহ ছিলো। কিন্তু তার অসাধারণ ব্যক্তিত্ব ও আধ্যাত্নিক মাহাত্ম্যের কারণে তিনি অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন। তাই তিনি “বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের” প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন নিরঙ্কুশ সমর্থনে।
দায়িত্ব নিয়ে তিনি বিভিন্ন সুন্নী গোষ্ঠী, দরবার এবং সংগঠনগুলোকে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচার প্রসারে তিনি উৎসাহিত করেন।

চতুর্থত, প্রতিবছর রাজধানীতে তিনি পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে সরকারি ও বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে একত্র করে, দিবসটির বিষয়ে একটি রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ প্রত্যেক রাজনৈতিক দল যাতে এ দিবসটির তাৎপর্য সম্পর্কে সচেতন থাকে।

পঞ্চমত, যখন একটি চক্র পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সরিয়ে সিরাতুন্নবীকে রাষ্ট্রীয়ভাবে চালু করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলো, তখন তিনি তৎকালীন মহামান্য রাষ্ট্রপতির সাথে জরুরি বৈঠক করে, এ চক্রান্ত রূখে দিয়েছিলেন।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে প্রধান প্রধান সুফিদের সাথে তারা পত্র ও টেলিফোনে নিয়মিত যোগাযোগ হতো। সকলে সমন্বিত প্রয়াসে বিশ্বব্যাপী দিবসটি আরো ব্যাপকভাবে প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ হন। এখন বিশ্বের ১৬০টিরও বেশি দেশে সমহিমায় দিবসটি উদযাপিত হচ্ছে। এমনকি কট্টরপন্থী আরব দেশগুলোও রাষ্ট্রীয় মর্যাদায় পালন করছেন।

বর্তমানে বাংলাদেশে, মহামান্য রাষ্ট্রপতি কতৃক প্রকাশিত গেজেট অনুযায়ী, ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় মর্যাদার স্বীকৃতি অর্জন করেছে। এ দিবসে সকল সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং বিশেষ অনুষ্ঠান আয়োজন বাধ্যতামূলক। প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থানে পতাকা ও সাজসজ্জা করা হচ্ছে। আজ বাংলাদেশের প্রায় সকলেই পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত। কেউ কেউ দিবসটি মনেপ্রাণে সমর্থন না করলেও প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছেন। বিশেষত, সততা, নৈতিকতা, সহমর্মিতার আদর্শ থেকে বিচ্যুত সমাজ যাতে প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহৎ আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদেরকে পরিবর্তন করতে পারেন, সেই চেতনার জাগরণ আমরা দেখতে পাই এ দিবসে।

এ সবকিছুর জন্য আমরা সকল নবীপ্রেমিক জনগণ, সকল মুসলমান সেই মহান মনীষী, সেই রণতরীর কাণ্ডারী হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (রহঃ) এর প্রতি পরম কৃতজ্ঞ।

হযরত জালালউদ্দিন ক্বাদেরী (রঃ) এর সাথে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (রাঃ) দেশজুড়ে শাহাদাত-এ-কারবালা মাহ্ফিলের প্রচলন করেন। তিনি সুন্নী বিভিন্ন কর্মসূচিতে ব্যাপক পৃষ্ঠপোষকতা করতেন। তার দর্শনই ছিলো একতা ও ভাতৃত্বের দর্শন। মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি ইসলামের বৃহত্তর স্বার্থে একতার জন্য প্রাণপণ কাজ করেছেন।

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (রাঃ) বাংলাদেশের কোণে কোণে তিনি সফর করেছেন। প্রান্তিক, দুস্থ, অসহায়দের পরম মমতায় বুকে জড়িয়ে নিয়েছেন। তিনি যেন ‘প্রেম’ স্নেহ ভালোবাসার প্রতিশব্দ। তার একটু হাসির ঝলক, চোখের পলক মানুষের মন প্রাণ কেঁড়ে নিতো। তাই আজও লক্ষ লক্ষ মানুষের অশ্রু ঝড়ে তার স্মরণে। তাকে স্মরণ করে, তার সমাধিতে পঙ্গপালের মত মানুষেরা ছুটে আসছেন। কী হিন্দু, কী মুসলমান, কী বৌদ্ধ, কী উপজাতি, কী ধনি, কী গরিব! – সকলেই তাকে ‘বাবা’ বলে ডেকে আত্নিক প্রশান্তিতে পরিতৃপ্ত। তাকে একনজর দেখতে তারা পাগলপারা। পৃথিবী থেকে তিনি আড়ালে চলে যাওয়ার পরেও তার সমাধিতে স্বর্গীয় স্রোতধারা প্রবহমান।

মাইজভাণ্ডারী তরিকাকে যেমন তিনি বিশ্বমঞ্চে তুলে ধরেছেন, তেমনি সময়ের আলোকে এ তরিকার সংস্কার করেছেন। তরিকতের নামে বিভিন্ন অপব্যাখা, অপচর্চা ও স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। ১৯৮৮ মাইজভাণ্ডার শরীফে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি। এ মাদ্রাসার হাজারো ছাত্র আজ ইসলামের খেদমতে নিয়োজিত। হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট এখন দেশজুড়ে অর্ধশতাধিক মাদ্রাসা, শতাধিক মসজিদ পরিচালনা করছে। তিনি তার ভক্ত আশেকানদের বলতেন, “তোমরা আমার রঙে রঙিন হও।” অর্থাৎ আমি যেমন সততা, নিষ্ঠা, সরলতা, বিনয়ী, সদালাপী, মানবিক চিন্তা ধারণ করি, তোমরাও সেই পথ অনুসরণ করো। তোমরা খোদার প্রেমে বিভোর থাকে। প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার সাগরে ডুব দাও। তোমরা শরীয়তবিরোধী কোন কাজে যুক্ত হয়ো না। এভাবে তিনি তার ভক্ত আশেকানদেরকে একেকজন আদর্শ, নীতিবান ও সুনাগরিকরূপে গড়ে তুলেছেন। তার ভক্ত আশেকানরা নিজ নিজ এলাকায় ও নিজেদের স্থান থেকে দেশ, সমাজ ও মানুষের জন্য কাজ করতে অনুপ্রাণিত। তিনি সকলকে বলেছেন টুপি পরিধান করে দরবার শরীফে আসতে। এমনকি তার মাজার শরীফে জিয়ারতে আসলেও যেন সকলে টুপি পড়েন। এভাবে শরীয়তের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গকে তিনি গুরুত্ব দিয়ে, তরিকতপন্থীদেরকে শরীয়ত চর্চায় জোড় দেন। তিনি বলেন, “শরীয়তের অনুসরণ ছাড়া তরিকতপন্থী হওয়া যায় না। এ দুটির সমন্বয়েই আমরা মুক্তির পথ খুঁজে পাবো।”

বিভিন্ন ধর্মের শীর্ষ ব্যক্তিদের সাথে তার আন্তরিক সম্পর্ক আমাদেরকে সম্প্রীতিপূর্ণ সমাজ গড়তে উজ্জীবিত করে৷ তার উদারনৈতিক চেতনার কারণেই আজও বিভিন্ন ধর্মের মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

মহান মুক্তিযুদ্ধে তিনি সরব ভূমিকা পালন করেছেন। হাজারো বীর মুক্তিযোদ্ধার জন্য মাইজভাণ্ডার শরীফে ট্রেনিং, শেল্টার ও খাবারের ব্যবস্থা করেছেন। মাইজভাণ্ডার শরীফে বাংলাদেশের লাল সবুজের পতাকা ৯ মাসই সগৌরবে উড্ডীন ছিলো। পাকিস্তানি আর্মিরা তাকে হত্যার জন্য বহু চেষ্টা করলেও আল্লাহ্ তাকে রক্ষা করেছেন। চট্টগ্রামের প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন সাহেবসহ আরো অনেক বীর মুক্তিযোদ্ধাগণ তার এ অনন্য অবদানের কথা বলে গেছেন বিভিন্ন সেমিনারে।

পরিশেষে আমরা বলতে পারি, তিনি ছিলেন একজন প্রকৃত ও পরিপূর্ণ পথপ্রদর্শক। যার মাহাত্ম্য লেখনী বা বক্তব্যে উপস্থাপন সম্ভব নয়। তার জীবনের প্রতিটি পদক্ষেপ, গভীরভাবে বিশ্লেষণ করা আমাদের কর্তব্য৷ তার পদচিহ্ন অনুসরণের মাধ্যমে আমরা মহান আল্লাহ্ ও প্রিয় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য অর্জনের মাধ্যমে পৃথিবী ও পরকালের জীবনকে সুন্দর করতে সমর্থ হবো।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa