স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী'র মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান ব্যক্তিত্বকে
স্পীকার হুমায়ূন রশীদ চৌধুরী
(১১ নভেম্বর ১৯২৮ - ১০ জুলাই ২০০১)
বাংলাদেশের একজন কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন।তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন ও সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
জন্ম ও প্রাথমিক জীবন:
জন্ম ১১ নভেম্বর ১৯২৮ সালে সিলেট শহরের আম্বরখানা এলাকার দরগাহ গেইটের ‘রশীদ মঞ্জিলে’। তার পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার দরগাপাশা গ্রামে। তার বাবা আব্দুর রশীদ চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য এবং সিলেট অঞ্চলের আদি সংবাদপত্র যুগভেরী পত্রিকার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি ও চা কর। মা বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য।সিলেটের প্রাচীনতম পত্রিকা যুগভেরী সম্পাদক আমীনূর রশীদ চৌধুরী ছিলেন তার বড় ভাই ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফারুক রশীদ চৌধুরী তার ছোট ভাই।
শিক্ষা:
হুমায়ুন রশীদ চৌধুরী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার হাই মাদ্রাসা সেকশনে প্রাথমিক শিক্ষা ও আসামে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ১৯৪৪ সালে ৮টি ক্রেডিটসহ সিনিয়র ক্যামব্রিজ পাশ করেন।
১৯৪৭ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান, রসায়ন ও ভূগোল বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন হুমায়ূন রশীদ চৌধুরী। তারপর বৃটেনের লন্ডনস্থ অনারেবল সোসাইটি অফ ইনার টেম্পল থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। লন্ডনেরই 'আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠান' থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। এছাড়াও, ম্যাসাচুসেটসের টাফটস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গ্রেট ব্রিটেন ও ইউরোপে পাকিস্তান ছাত্র সংসদের সভাপতি ছিলেন। সে সুবাদেই তিনি যুক্তরাজ্যে প্রথম এশিয়ান স্টুডেন্টস কনফারেন্স আয়োজনে সক্ষমতা দেখান।
ছাত্ররাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন তিনি। ১৯৫১ সালে যুক্তরাজ্যস্থ পাকিস্তান ছাত্র ফেডারেশনের সম্পাদক এবং ১৯৫২ সালে এই সংঘটনের সভাপতি নির্বাচিত হন তিনি।
কর্মজীবন:
হুমায়ূন রশীদ চৌধুরী ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তানের বৈদেশিক সম্পর্ক বিভাগে যোগদান করেন। এর ফলে তিনি ঐ বিভাগের আওতায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন। এছাড়াও, লন্ডনের ব্রিটিশ বৈদেশিক কার্যালয় এবং কমনওয়েলথ কার্যালয়েও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।
কূটনীতিবিদ হিসেবে তিনি পৃথিবীর বিভিন্ন শহরে অবস্থান করেছিলেন। তন্মধ্যে রোম, বাগদাদ, প্যারিস, লিসবন, জাকার্তা এবং নতুন দিল্লী অন্যতম। ১৯৭১- ৭২ সালে তিনি নতুন দিল্লীতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন। ঐ সময় বাংলাদেশের স্বীকৃতির জন্য তিনি ৪০টিরও বেশি দেশে যোগাযোগ করেছিলেন। ১৯৭২ সালে তৎকালীন পশ্চিম জার্মানিতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বাংলাদেশে সংগঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর, বঙ্গবন্ধু পরিবারের জীবিত দুই সদস্য শেখ হাসিনা ও শেখ রেহানাকে তিনি আশ্রয় দেন। এ সম্পর্কে শেখ হাসিনা বলেন, "জার্মানির অ্যাম্বাসেডর হুমায়ুন রশীদ সাহেব গাড়ি পাঠিয়েছেন। আর তাঁর স্ত্রী আমার বাচ্চাদের জন্য শুকনো খাবারদাবারও গাড়িতে দিয়েছিলেন। তাঁদের কাছে কয়েক দিন আশ্রয় পেলাম। তাঁদের আদর–যত্ন দুঃসময়ে আমাদের জন্য অনেক মূল্যবান। আমরা কোনো দিন ভুলতে পারব না হুমায়ুন রশীদ ও তাঁর স্ত্রীর অবদান।" ১৯৭৬ সালের পর সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং ভ্যাটিকানেও একই পদে অধিষ্ঠিত ছিলেন।
এছাড়াও, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এবং জাতিসংঘের শিল্পাঞ্চল উন্নয়ন সংস্থা বা ইউনিডো'র প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি।
১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ:
হুমায়ূন রশীদ চৌধুরী ১৯৭১ সালে অনুষ্ঠিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তখন তিনি নতুন দিল্লীতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন। ৫ ডিসেম্বর ১৯৭১ সালে ভারতীয় লোকসভায় তিনি বক্তৃতা করেন। এ সময় তিনি বাংলাদেশের স্বীকৃতি আদায়ে ৪০টিরও অধিক দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চালান। স্বাধীনতা পরবর্তীতে তিনি রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবন:
হুমায়ূন রশীদ চাকুরি থেকে অবসর নিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৪ সালে তাকে উপ-মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রপতির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং ১৯৮৫ সালে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসন থেকে সদস্য সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-১ আসন থেকে সদস্য সদস্য নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ যোগ দিয়ে উপদেষ্টামন্ডলীর সদস্য নির্বাচিত হন। ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সিলেট-১ আসন থেকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৪ জুলাই ১৯৯৬ সালে তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে আমৃত্যু এ পদে বহাল ছিলেন।
সম্মাননা:
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কলেজ অব উইলিয়াম অ্যান্ড ম্যারি থেকে ১৯৮৪ সালে 'মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার' পান। বিশ্ব শান্তিকল্পে অনবদ্য কূটনৈতিক ভূমিকার জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি 'উ থান্ট শান্তি পদক' লাভ করেছিলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে ২০১৮ সালে বাংলাদেশ সরকার মরণোত্তর 'স্বাধীনতা পুরস্কার' প্রদান করা হয়।এছাড়াও তার সম্মানে ঢাকা থেকে সিলেট শহরের প্রবেশপথে একটি চত্বরের নামকরণ করা হয়েছে 'হুমায়ূন রশীদ চত্বর'।স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ নামে ঢাকায় একটি সংগঠন রয়েছে।
সিলেটের জন্য অবদান:
সিলেটবাসী চিরদিন যাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে তাদেরমধ্যে অন্যতম একজন হুমায়ূন রশীদ চৌধুরী। তাঁকে আধুুনিক সিলেটের রূপকার বলা হয়। সিলেটকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিযাত্রায় তিনি ছিলেন অগ্রপথিক।
১৯৯৬-২০০১ সালে তিনি জাতীয় সংসদের স্পীকারের দায়িত্ব পালনের সময় সিলেটে ব্যাপক উন্নয়ন করেন। সিলেটকে পূর্ণাঙ্গ বিভাগের প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, সিলেট শিক্ষা বোর্ড, সিলেট টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠা, আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ, সিলেট ওসমানী বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরিতকরণ, বন্ধ হয়ে যাওয়া সিলেটের টেক্সটাইল মিল পুনরায় চালু, অবহেলিত কোম্পানীগঞ্জের সাথে সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সালুটিকর, কাটাখাল ব্রীজ ও রাস্তা নির্মাণ, সদর উপজেলার টুকেরবাজারে সুরমা নদীর উপর শাহজালাল ব্রীজ-৩, বাদাঘাট সিংগারখাল নদীর উপর বাদাঘাট ব্রীজ নির্মাণসহ সিলেট নগরী ও নগরীর বাইরে অসংখ্য ব্রীজ-কালভার্ট নির্মান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ এ অঞ্চলের বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয় তার তত্বাবধানে। সিলেটের সুরমা নদীর উপর একটি ঝুলন্ত সেতু নির্মানের পরিকল্পনা ছিলো হুমায়ূন রশীদ চৌধুরীর। এছাড়া সে সময় তার ঐকান্তিকতায় ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে রূপান্তরিত করার একটি প্রকল্প অনুমোদিত হয়েছিল।
তার সবচেয়ে বড় কীর্তি সিলেটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার অবদানের অন্যতম স্মারক।
পারিবারিক জীবন:
হুমায়ূন রশীদ মাহজাবিন রশীদ চৌধুরীকে বিয়ে করেন। এই দম্পতীর একমাত্র মেয়ে নাসরিন আর করিম ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন ও ২০১০ সালে মৃত্যুবরণ করেন। একমাত্র ছেলে নোমান রশীদ চৌধুরী ২ নভেম্বর ২০১৭ সালে ৬৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যু:
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১০ জুলাই ২০০১ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। সিলেটের শাহজালালের মাজার সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয় তাকে।
জীবনী সম্পাদনায়:
টি এইচ এম জাহাঙ্গীর
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ।