স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় ফেরার পথে শেষ হলো পুরো পরিবার
ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। আজ ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে অ্যাবলুম ক্যাফেটেরিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪ সদস্য হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের বাসিন্দা তারা মোল্লার ছেলে রফিক মোল্লা (৩৫), তার স্ত্রী সুমী বেগম (২৩), দুই ছেলে রুহান মোল্লা (৬) ও হাবিব মোল্লা (৩)। এছাড়া রফিক মোল্লার মা হীরা বেগম আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটি শেষে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পিকআপে করে ঢাকায় যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, একই পরিবারের ৪ সদস্য মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।