সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেফতার ১
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৭২ বোতল ভারতীয় মদ ও ২০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ মো. আতিকুর রহমান আতিক (৩৩) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১১টার সময় জেলার দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও এলাকায় দিলীপ দাসের বসতভিটার পূর্ব পার্শ্বে দোয়ারাবাজার-ছাতকগামী পাকা রাস্তার ওপর এই সফল অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের উপপরিদর্শক (এসআই) মুকুল খানের নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে ধৃত আসামির দেহ ও সংশ্লিষ্ট প্রাইভেটকার তল্লাশি করে ৫৫ বোতল ‘AC Black’ এবং ১৭ বোতল ‘ICE Vodka’ (সর্বমোট ২৭ হাজার মিলিলিটার বা ৭২ বোতল) অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদকদ্রব্য চোরাচালান ও পরিবহনের কাজে ব্যবহৃত ‘ঢাকা মেট্রো-গ-১৭-৪২৩১’ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের প্রাক্কলিত বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। সর্বমোট ২১ লাখ ২৪ হাজার ৫০০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার ঘটনা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।