সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত সুইডেনের ক্রাউন প্রিন্সেস (রাজকন্যা) ভিক্টোরিয়া খুলনার কয়রায় এসে পৌঁছেছেন। আগামী বুধবার (২০ মার্চ) নোয়াখালীর হাতিয়ায় সফর করবেন তিনি। রাজকন্যার আগমনকে ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি চলছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। তার পরিদর্শনের জায়গাগুলো পরিপাটিভাবে সাজানো-গোছানোর কাজও চলছে।
নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ থেকে ২১ মার্চ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করবেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। তার এ সফরের অংশ হিসেবে ২০ মার্চ চট্রগ্রাম থেকে হেলিকপ্টারযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা সফরের কথা রয়েছে। এ সময় তিনি বুড়িরচর ইউনিয়নের নতুন সুইচ বাজার পরিদর্শন করবেন এবং গুচ্ছ গ্রামের জেলে পরিবারের সঙ্গে কথা বলবেন। এছাড়া নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করবেন তিনি। তারপর হেলিকপ্টারের মাধ্যমে ভাসানচর যাবেন এবং ভাসানচর ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন।