- - -

শেখ হাসিনা ‘বীরের বেশে’ ফিরবেন: নাছিমের হুঙ্কার, বর্তমান সরকারের তীব্র সমালোচনা

Print News

শেখ হাসিনা ‘বীরের বেশে’ ফিরবেন: নাছিমের হুঙ্কার, বর্তমান সরকারের তীব্র সমালোচনা

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অচিরেই গণআন্দোলনের মধ্য দিয়ে ‘বীরের বেশে’ দেশে ফিরবেন। দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার কর্তৃক গৃহীত এই সাক্ষাৎকারে নাছিম কেবল শেখ হাসিনার প্রত্যাবর্তনের দৃঢ় ঘোষণা দেননি, বরং বর্তমান সরকার, এর বিচার ব্যবস্থা এবং ৫ই আগস্টের ঘটনা নিয়েও তীব্র আক্রমণাত্মক মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের আইনি প্রক্রিয়া শুরুর বিষয়ে প্রশ্ন করা হলে বাহাউদ্দিন নাছিম বজ্রকণ্ঠে বলেন, শেখ হাসিনা তাঁর প্রিয় মাতৃভূমি ও দেশবাসীর কাছে ফিরে যেতে বদ্ধপরিকর। তিনি যেভাবে ভারতে এসেছিলেন, প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিত করে সেই একই বিমানে ফিরে যাবেন। প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতা প্রসঙ্গে নাছিম হুঙ্কার দেন যে, যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি রয়েছে, তবুও ভারতের সরকার ও জনগণ একজন দীর্ঘদিনের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতাকে বর্তমান ‘অবৈধ’ সরকারের হাতে সহজে তুলে দেবে না।

গত বছর একটি মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা এবং তাঁর দেশে ফেরার ঝুঁকি প্রসঙ্গে বাহাউদ্দিন নাছিম বর্তমান সরকারের বিচার ব্যবস্থাকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, “বর্তমান সরকারের আমলে গঠিত আদালতকে আমরা বিশ্বাস করি না। এই রায় দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিকভাবেও এই তথাকথিত ট্রাইব্যুনালকে সংবিধানবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হয়।” কারাগারে যাওয়ার ঝুঁকি প্রসঙ্গে নাছিম আরও বলেন, “রাজনীতিতে জেল-কারাগার নতুন কিছু নয়। উনি (শেখ হাসিনা) একাধিকবার কারাবরণ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘আই ডোন্ট কেয়ার আইসিটি আদালত’, কারণ এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

২০২৪ সালের ৫ই আগস্টের ঘটনাকে ‘গণ-অভ্যুত্থান’ মানতে অস্বীকৃতি জানিয়ে নাছিম এটিকে ‘রক্তাক্ত ও মর্মন্তুদ ইতিহাস’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “সেদিন কোনো গণ-অভ্যুত্থান হয়নি, বরং এটি ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যা করার নীল নকশা ছিল ওটি।” বর্তমান সরকারকে ‘অনির্বাচিত’ আখ্যা দিয়ে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ‘মব জাস্টিস’ এবং সাধারণ মানুষের দুর্ভোগের তীব্র সমালোচনা করেন।

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে নাছিম বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ব্যানের লক্ষ্য একটাই—যাতে তারা প্রকাশ্যে রাজনীতি করতে না পারে। কারণ তারা জানে, আওয়ামী লীগ সুযোগ পেলেই মানুষ রাস্তায় নেমে পড়বে।” গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে কি না—এই প্রশ্নের জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা সব সময়ই প্রস্তুত। আওয়ামী লীগ সন্ত্রাসী বা জঙ্গিবাদী দল নয়। দেশের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে আওয়ামী লীগ জনগণের স্বার্থে আন্দোলন করবে। জনগণের ভালোবাসায় এবং আন্দোলনেই শেখ হাসিনা বীরের বেশে মাথা উঁচু করে দেশে ফিরবেন।”

সাক্ষাৎকারের শেষে বাহাউদ্দিন নাছিম হুঙ্কার দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না যে দেশটি কোনো আন্তর্জাতিক বা বিদেশি শক্তির দালালি রাষ্ট্রে পরিণত হোক। তাঁর এই বক্তব্য বর্তমান সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলনের এক স্পষ্ট ইঙ্গিত বহন করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa