শীতের রাতে মানবতার উষ্ণ স্পর্শ
জাগো ফাউন্ডেশনের যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ঢাকা উত্তর এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন
শীতের কনকনে ঠান্ডা রাতে যখন নগরীর অলিগলি নিস্তব্ধ হয়ে আসে, তখন ফুটপাতের অসহায় মানুষগুলো কাঁপতে থাকে শীতের তীব্র হিমেল হাওয়ায়। প্রতি বছর শীত মৌসুমে রাজধানীর পথে পথে, ফুটপাতে, বাসস্ট্যান্ডে আশ্রয় নেওয়া হাজারো মানুষ নিদারুণ কষ্টে রাত কাটান। তাদের কাছে একটি উষ্ণ কম্বল মানে শুধু একটি বস্ত্র নয়, এটি বেঁচে থাকার একটি উপায়।
এমনই এক শীতের রাতে ৩ জানুয়ারি ২০২৬ শনিবার জাগো ফাউন্ডেশনের যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ঢাকা উত্তর জেলা বোর্ডের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এগিয়ে আসে।
হৃদয় ছোঁয়া এক মানবিক অভিযানে রাজধানীর গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও এলাকার ফুটপাত, বাসস্ট্যান্ড ও রাস্তার পাশে যারা আশ্রয়হীন জীবনযাপন করেন, তাদের মাঝে উষ্ণ কম্বল তুলে দেওয়া হয় এই অভিযানে। সন্ধ্যার আলো-আঁধারি থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এই মানবিক কাজ।
প্রতিটি কম্বল যেন একেকটি ভালোবাসার পরশ। যখন একজন ভলান্টিয়ার হাসিমুখে একজন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন, তখন দুই চোখে ফুটে ওঠে কৃতজ্ঞতার অশ্রুবিন্দু। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।ভলান্টিয়াররা নিজেদের সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে রচনা করছেন মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শতাধিক অসহায় ও আশ্রয়হীন মানুষ পেয়েছেন উষ্ণ কম্বল এবং শীতের রাতে কিছুটা স্বস্তি ও নিরাপত্তা। সমাজে তৈরি হয়েছে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ এবং তরুণ প্রজন্ম পেয়েছে সমাজসেবার প্রকৃত অনুপ্রেরণা। অসহায় মানুষেরা অনুভব করেছেন যে তারা একা নন।
মানুষের সেবাই মানুষের ধর্ম - এই মহান বাণীকে বুকে ধারণ করে এগিয়ে চলেছে জাগো ফাউন্ডেশনের যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ পরিবার।

নেতৃত্বে ছিলেন সভাপতি শামীর হোসেন ফাহিম, সহ-সভাপতি রোমান এহতেশাম, সাধারণ সম্পাদক জুনাইরাহ ইসলাম নুবা, কোষাধ্যক্ষ জান্নাত আরা, প্রজেক্ট অফিসার ইফরাত হোসেন, হিউম্যান রিসোর্সেস অফিসার রাজু আহাম্মদ, পাবলিক রিলেশনস অফিসার তাহসীন আহমেদ তন্ময়, কমিটির সদস্য মাহিন আলম আম্মান ও আরো স্বেচ্ছাসেবী যুব সদস্যরা।