শিশু হত্যা ও নাশকতা মামলায় ভাঙ্গুড়া শ্রমিক দলের নেতা আলাউদ্দিন গ্রেফতার
পাবনার ৪ আগস্টের শিশু হত্যা ও নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। পরদিন ১২ নভেম্বর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু হত্যা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আলাউদ্দিন এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর পরোয়ানার কাগজ থানায় পৌঁছালে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, “মামলাটি সম্পর্কে আমার জানা নেই। তবে ওয়ারেন্টের কাগজ এসেছে। তাই একজন অফিসার তাকে গ্রেফতার করেছেন।”
অন্যদিকে, এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিন দাবি করেন, আলাউদ্দিনের সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শ্রমিক দলের এ নেতা।