শিলিগুড়ি রেলস্টেশন থেকে ধরা পড়ল ৮ বাংলাদেশি যুব
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি রেলস্টেশন থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল আরপিএফ এবং শিলিগুড়ি জিআরপি। রবিবার (৭ জুন) রাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনী এই বিশেষ অভিযান চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার (৭ জুন) রাতে রাধিকাপুর এক্সপ্রেস চেপে ওই ৮ জন যাত্রী শিলিগুড়ি জংশন স্টেশনে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল। সেখান থেকে ফেরার পথে বাংলাদেশে যাওয়ার উদ্দেশে তারা শিলিগুড়িতে নামে। পুলিশি জেরায় তারা জানিয়েছে, শিলিগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের। গোপন খবরের ভিত্তিতে যৌথবাহিনী স্টেশন চত্বরে তল্লাশি চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তারা কোনো বৈধ নথিপত্র বা পাসপোর্ট ভিসা দেখাতে বার্থ হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ৮ জনের মধ্যে ৪ জন বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। তারা হল, মোমিন, সৌরভ রায়, কামাল চন্দ্র রায় এবং অভিষেক রায়। বাকি ৪ জন গোবিন্দ রায়, সঞ্জিত রায়, টিটন চন্দ্র রায় এবং জয়ন্ত রায় তারা বাংলাদেশের নীলফামারী জেলার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবার (৮ জুন) তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।