শিলিগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ যুবক নিহত
ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু। গুরুতর আহত আরও ১ জন। মৃতদের নাম পংকজ সরকার ও শিবরাজ দাস। জানা যায়, শুক্রবার (২৬ ডিসেম্বর ) সন্ধ্যায় একটি স্কুটিতে করে ৩ যুবক যাচ্ছিল। আশিঘর মোড় পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ৩ জনই। সেই সময় পেছন থেকে আসা একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ২ জনের। গুরুতর আহত অবস্থায় রোহিত বর্মনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ি, ভক্তিনগর থানা এবং আশিঘর সাব- ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।