শিলচরের উপকন্ঠে জলের ট্যাংক পরিস্কার করতে নেমে ৪ জনের মৃত্যু
জলের ট্যাংক পরিস্কার করতে গিয়ে ৪ জনের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার (৩১ জুলাই ) এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে আসামরাজ্যের কাছাড় জেলার অন্তগর্ত শিলচরের উপকন্ঠের অরুণাচল কুমারপাড়ায়। জলধারে সৃষ্ট বিষাক্ত গ্যাসেই প্রাণ হারিয়েছেন তাঁরা। মৃতরা হলেন সুদীপ পাল ওরফে সম্পু (৪০), দেবাশীষ পাল (৪৩), নন্দন পাল (৫২) ও নিলয় পাল (৪০)। তাঁরা সকলেই কুমারপাড়ার বাসিন্দা। এলাকাবাসী সূত্রে প্রকাশ, বাড়িটিতে নির্মাণ কাজ এখনও চলছে। সিঁড়ির নিচের অংশে তৈরি হয়েছিল বিশাল ট্যাংক। এর মুখ ঢেকে রাখা ছিল। সেখানেই ঘটে এই অঘটন। দীর্ঘদিন বন্ধ রাখার পর শুক্রবার (৩১ জুলাই ) সকালে সেটি সাফাইয়ে প্রথমে নামেন রাজমিস্ত্রি দেবাশীষ পাল। তিনি চিৎকার করে উঠলে বিষয়টি দেখতে এগিয়ে যান সম্পু। তিনি ও উঠছেন না দেখে নামেন আরেক শ্রমিক নন্দন। তিনি জলধারের ভেতর থেকে আর্তচিৎকার করছিলেন। সে সময় ওই জলাধারের পাশ দিয়ে স্নানে যাচ্ছিলেন নিলয়। চিৎকার শুনে তিনি তাঁদের বাঁচাতে জলে নামলে একই পরিণতির শিকার হন। ততক্ষণে স্থানীয় এলাকাবাসী জড়ো হন। কিন্তু কেউ সাহায্যে এগিয়ে যেতে সাহস করতে পারছিলেন না। এরমধ্যেই দীপেন্দু দাস নামে এক যুবক কোমরে রশি বেঁধে অন্যদের সহায়তায় তুলে আনেন ৪ জনকেই। পরে সবাইকে প্রথমে নিয়ে যাওয়া হয় শিলচর সিভিল হাসপাতালে। সেখান থেকে মেডিক্যাল কলেজে। চিকিৎসকরা দেখেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। এতে শোকে স্তব্ধ গোটা এলাকা। ঘটনার পর পুলিশ ওই বাড়ির মালিক গৌতম পালকে আটক করেন এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।