শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ২০
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার করারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মামুন স্পেশাল সার্ভিসের একটি যাত্রীবাহী বাস করারচর এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি সিএনজি অটোরিকশা সামনে চলে আসে। সিএনজিটিকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।