ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) হিসেবে একজনকে পদায়ন করা হয়েছে। ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের এডিসি শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (রমনা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরের ঘটনায় রমনা বিভাগের এডিসি হারুন অর রশীদকে প্রথমে পিওএম এবং পরে এপিবিএনে বদলি করা হয়। ১১ সেপ্টেম্বর ডিএমপি মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।
৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে (এডিসি) হারুন অর রশিদের বিরুদ্ধে। নারীঘটিত একটি ঘটনার জেরে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানায় নিয়ে তাদের নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।