
শাল্লায় আদালতের নির্দেশে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও তৈরির উপকরণ ধ্বংস
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আদালতের নির্দেশে বিপুল পরিমাণ জব্দকৃত দেশীয় তৈরি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ ওয়াশ ও উপকরণ ধ্বংস করা হয়েছে। গত ০২ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টা ৩০ মিনিটে শাল্লা থানা প্রাঙ্গণে মাটির গর্ত করে এই মাদকদ্রব্য ও উপকরণসমূহ ঢেলে ধ্বংসের কার্যক্রম সম্পন্ন করা হয়।
আইনানুগ এই কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান। এছাড়াও থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট মামলা সূত্রে জানা যায়, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলগ্রহণকারী আদালত (শাল্লা থানা, সুনামগঞ্জ)-এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ জসিম আলামতগুলো ধ্বংসের আদেশ প্রদান করেন। আদালতের আদেশনামায় (জি.আর-১১/২৬, শাল্লা থানা মামলা নং-১১) উল্লেখ করা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার জব্দকৃত আলামতের পরিমাণ অত্যধিক হওয়ায় এবং তা দীর্ঘ সময় সংরক্ষণ বা পরিবহনে অসুবিধা থাকায় তা ধ্বংসের আবেদন করা হয়েছিল।
আদালতের নির্দেশনা অনুযায়ী থানা প্রাঙ্গণে বড় আকৃতির মাটির গর্ত খুঁড়ে সেখানে ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিল মোট ৬২,৫০০ মি.লি. দেশীয় তৈরি চোলাই মদ, মদ তৈরির উপকরণ (ওয়াশ) ৪,৬৪৭,৫০০ মি.লি. এবং গুড়সহ আলামত রাখার ৯০ কেজি ও বড় ড্রামসমূহ। সম্পূর্ণ স্বচ্ছতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও তৈরির উপকরণ গর্তে ঢেলে সম্পূর্ণরূপে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, “বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক থানা প্রাঙ্গণে আমরা জব্দকৃত ৬২,৫০০ মি.লি. দেশীয় চোলাই মদ, ৪,৬৪৭,৫০০ মি.লি. মদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং ৯০ কেজি গুড় মাটির গর্তে ঢেলে ধ্বংস করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় অত্যন্ত কঠোর এবং আমরা এ বিষয়ে সোচ্চার আছি। এলাকাবাসীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, শাল্লাবাসীকে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনাদের চারপাশে যদি এমন কোনো মাদক সংক্রান্ত অপরাধের বিষয় নজরে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে আমাদের জানান। একটি মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।”
মাদক ও চোরাচালান মুক্ত সমাজ গঠনে প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের কঠোর পদক্ষেপ ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
![]()









